উৎসব থেকে উৎকণ্ঠায় পরিণত হলো ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় পর্যায়ের যে নির্বাচনটি ছিল উৎসবের, সেটি এখন উৎকণ্ঠার নির্বাচনে পরিণত হয়েছে।
নির্বাচন-পূর্ব সহিংসতা, ক্ষমতাসীনদের পক্ষ থেকে প্রতিপক্ষের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, প্রশাসনিক হয়রানির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে। এই পর্বে আজ ৯১টি উপজেলায় নির্বাচন হচ্ছে।
তৃতীয় ধাপ পর্যন্ত নির্বাচনের আগে সহিংসতা না থাকলেও নির্বাচন কমিশন ও প্রশাসনের নিষ্ক্রিয়তায় চতুর্থ ধাপে এসে তাও যুক্ত হয়েছে। কিন্তু আজকের ভোট গ্রহণকে ঘিরে নিরাপত্তার আশঙ্কা এমন পর্যায়ে পৌঁছেছে যে, নির্বাচন কমিশন গতকাল সেনাবাহিনীকে ফৌজদারি কার্যবিধির অধীনে ক্ষমতা প্রয়োগের জন্য চিঠি দিয়েছে। সারা দেশ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বেশির ভাগ ক্ষেত্রেই ভয়ভীতি ও হামলার শিকার সরকারি দল-সমর্থিত প্রার্থীর প্রতিদ্বন্দ্বী পক্ষ। ক্ষেত্র বিশেষে রেহাই পাচ্ছেন না সরকারি দলের বিদ্রোহী প্রার্থী ও তাঁদের সমর্থকেরাও। সংখ্যালঘু জনগোষ্ঠীও বরাবরের মতোই অরক্ষিত। সব মিলিয়ে আজকের ভোট গ্রহণ উপলক্ষে ভোটকেন্দ্র, কেন্দ্রের আশপাশ এবং লোকালয়—তিন জায়গাতেই ভোটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ফেনীর সোনাগাজীতে শুক্রবার রাতে বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হন আরও দুজন। নির্বাচন উপলক্ষে ককটেল তৈরির সময় এই বিস্ফোরণ ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়।
একই জেলার ফুলগাজীতে শুক্রবার পোস্টার লাগানোকে কেন্দ্র করে বোমাবাজি, বসতবাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। আজ এই দুই উপজেলাতেই ভোট হচ্ছে।
এর আগে তৃতীয় পর্বের নির্বাচনে ফেনীর দাগনভূঞার একটি কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষের লোকজন ভোররাতে একটি কেন্দ্র দখল করে জাল ভোট দেন। বিএনপি-সমর্থকেরা সকালে সেই জাল ভোট ভর্তি বাক্স ছিনতাই করে নিয়ে যান।
ছয় দফায় অনুষ্ঠেয় নির্বাচনের প্রথম দফায় অনেকটাই নির্বিঘ্নে ভোট হয়। দ্বিতীয় দফার নির্বাচন থেকে সহিংসতা ও কেন্দ্র দখলের ঘটনা বাড়তে থাকে। দ্বিতীয় পর্বে সারা দেশেই কমবেশি সহিংসতার ঘটনা ঘটে এবং একজন মারা যান। তৃতীয় দফায় সহিংসতা ব্যাপকতা পায় এবং এর বলি হন তিনজন।
প্রথম দুই পর্বে বিএনপি ও জামায়াত-সমর্থকেরা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে বেশি উপজেলায় জয়ী হয়েছিলেন। তৃতীয় পর্বে আওয়ামী লীগ-সমর্থিতরা বিএনপি-সমর্থিতদের পেছনে ফেলে দেন।
সহিংসতা বৃদ্ধি, অভিযোগ-পাল্টা অভিযোগ এবং কেন্দ্র দখলের ঘটনার পর ভোটারদের আশ্বস্ত করতে নির্বাচন কমিশন দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে পারেনি। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের ‘রহস্যময় ছুটি’ এবং গণমাধ্যমে কমিশনারদের ‘দিক্ভ্রান্ত’ বক্তৃতা ভোটারদের মধ্যে শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন নির্বাচনসংশ্লিষ্টরা।
প্রশাসন সূত্র জানিয়েছে, সারা দেশেই বদলি বা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হওয়ার মতো পরিস্থিতি এড়াতে প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও চলছেন স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগ নেতাদের মন জুগিয়ে। মাঠপর্যায়ের নির্বাচন কমিশনের কর্মকর্তারা কেবল দৈনন্দিন কাজের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সারা দেশ থেকে প্রার্থীদের অভিযোগ এবং নিরাপত্তা চেয়ে অসংখ্য চিঠি এলে বেশির ভাগ ক্ষেত্রে তা আমলে নেওয়া হচ্ছে না। সর্বশেষ দুই পর্বের নির্বাচনে আওয়ামী লীগের মন্ত্রী, সাংসদ ও প্রভাবশালী নেতাদের অনেককেই নিজ নিজ এলাকায় আচরণবিধি লঙ্ঘন করে প্রভাব বিস্তারের চেষ্টা করতে দেখা গেছে। এঁদের বিরুদ্ধে কমিশন কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।
অবশ্য শেষ মুহূর্তে এসে গতকাল শনিবার সেনাবাহিনীকে সহিংসতা ও বিশৃঙ্খলা রোধে পদক্ষেপ নিতে চিঠি দেয় কমিশন। এবার শুরু থেকেই উপজেলা নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, বিশেষ উদ্দেশ্য থেকে ভোট গ্রহণের আগের দিন ছয় পুলিশ সুপার বদল করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের মনের মতো করে সরকার দল সাজিয়েছে। একের পর এক অভিযোগ করে গেলেও নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিচ্ছে না।
টানা সহিংসতা ও গ্রেপ্তার: তৃতীয় দফা নির্বাচন হয় ১৫ মার্চ। এর পর থেকে চতুর্থ দফার নির্বাচনী এলাকাগুলোতে মারামারি লেগেই আছে। এই পর্বের ভোট গ্রহণ যত এগিয়েছে, সহিংসতা এবং প্রতিপক্ষকে ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ততই বেড়েছে।
শুক্রবার পিরোজপুরের মঠবাড়িয়া, বাগেরহাট, ঝালকাটি ও কুষ্টিয়ায় হামলা-সংঘর্ষে ২৫ জন আহত হন। ১২টি নির্বাচনী কার্যালয় এবং বেশ কিছু বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এর প্রায় সব কটিরই শিকার সরকারবিরোধী পক্ষ।
বৃহস্পতিবার পটুয়াখালীর বাউফলে বিএনপি-সমর্থিত প্রার্থীকে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর নেতৃত্বে মারধর করা হয়। বিএনপি-সমর্থিত তসলিম তালুকদারের ওপর ওটা ছিল চতুর্থ দফা হামলা। ওই দিন পিরোজপুর সদর উপজেলা নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীর গাড়ি ভাঙচুর ও চালককে মারধরের ঘটনা ঘটে।
গত বুধবার সরকার দলের লোকদের হামলায় ঝালকাঠি সদরে বিএনপি-সমর্থিত প্রার্থীসহ ১০ জন আহত হয়েছেন। পুলিশ ব্যবস্থা না নিয়ে উল্টো বিএনপি-সমর্থিত আহত ও চিকিৎসাধীন ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
নির্বাচন উপলক্ষে সারা দেশে বিরোধী দল-সমর্থিত প্রার্থীর কর্মী-সমর্থকদের গণহারে গ্রেপ্তারের অভিযোগও পাওয়া গেছে। স্থানীয় পুলিশ, রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া অনেকের নামেই কোনো মামলা নেই। ৫ জানুয়ারি নির্বাচনের দিন এবং এর আগের সহিংসতায় পুলিশের করা মামলায় অনেক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। ভোটের মাঠে বিরোধী দল-সমর্থিত প্রার্থীর সক্রিয় কর্মীদের এসব অজ্ঞাতনামা আসামি হিসেবে ধরা হচ্ছে।
কেন্দ্রে যেতে শঙ্কা: বরিশালের আগৈলঝাড়া উপজেলার বেশির ভাগ ভোটারই সংখ্যালঘু সম্প্রদায়ের। এখানে আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোর্তজা এবং দলটির বিদ্রোহী প্রার্থী যতীন্দ্র নাথ মিস্ত্রি। যতীন্দ্রের সমর্থকেরা সেখানে কোণঠাসা। সংবাদ সম্মেলন করে যতীন্দ্রনাথ নিজের প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছেন। এই অবস্থায় সংখ্যালঘু ভোটাররাও ঠিকভাবে ভোট দিতে পারবেন কি না, সেই শঙ্কায় আছেন।
আজ খুলনার রূপসা, তেরখাদা, ফুলতলা, দাকোপ ও বটিয়াঘাটা উপজেলায় নির্বাচন হচ্ছে। সেখানে অন্তত তিনটি উপজেলায় ভোটকেন্দ্র দখল, জাল ভোট, ব্যালট বাক্স ছিনতাইয়ের আশঙ্কা করছেন খোদ নির্বাচনে নিয়োজিত একাধিক কর্মকর্তা।
জানতে চাইলে নির্বাচন কমিশনার আবু হাফিজ প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন কর্মকর্তাদের নির্ভয়ে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছি। ভোটারদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। অংশগ্রহণকারীদের কেউ যদি শক্তি প্রয়োগ কিংবা আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চায়, আমরা শক্ত হাতে তা মোকাবিলা করব।’