উৎসব দলীয়করণের অভিযোগের মধ্যে ৪২ বছর পূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪২ বছর পূর্তি উৎসব গতকাল শনিবার উদযাপন করা হয়েছে। উৎসব উপলক্ষে ক্যাম্পাসকে সাজানো হয়েছিল বর্ণিল সাজে। তবে উৎসবে সবার জন্য বানানো টুপিতে বিশ্ববিদ্যালয় দিবস-সংশ্লিষ্ট বিষয়ের বাইরে স্লোগান ব্যবহারের মধ্য দিয়ে উৎসবটি দলীয়করণের চেষ্টা করা হয়েছে অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের প্রতি উপেক্ষার অভিযোগ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে সেলিম আল দীন মুক্তমঞ্চে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে মুক্তমঞ্চে উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সাবেক উপাচার্য ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমঞ্চাননা দেওয়া হয়। পরে বিকেলে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এদিকে উৎসবে সবার জন্য বানানো মাথার টুপিতে বিশ্ববিদ্যালয় দিবস-সংশ্লিষ্ট বিষয়ের বাইরে ‘যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার, এই দিবসের অঙ্গীকার’ এ স্লোগান ব্যবহার করে উৎসবটি দলীয়করণের চেষ্টা করা হয়েছে দাবি করে এর প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ কামরুল আহসান বলেন, ‘ সবারই দাবি যুদ্ধাপরাধীদের বিচার। তবে সর্বজনীন এ অনুষ্ঠানে এই স্লোগান ব্যবহারের মধ্য দিয়ে উৎসবটি দলীয়করণের চেষ্টায় আমরা মর্মাহত।’ ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান বলেন, ‘উৎসবে কর্মচারী-কর্মকর্তাদের বিশ্ববিদ্যালয় সম্পর্কে তাঁদের অনুভূতি প্রকাশের সুযোগ দেওয়া হলেও সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কাউকে সুযোগ দেওয়া হয়নি। তাই আলোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে আমরা উৎসব পালন করেছি।’ অভিযোগের ব্যাপারে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেন, স্বাধীন বাংলাদেশের সমান বয়সী এ বিশ্ববিদ্যালয়ের মাটি পবিত্র ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। এ বিষয়টি মাথায় রেখে স্লোগানটি ব্যবহার করা হয়েছে।