উৎসব নষ্ট করলেন আ.লীগের প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। ভাইটকান্দি ইউনিয়নের ভাইটকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে গতকাল দুপুর সাড়ে ১২টায় তোলা ছবি l প্রথম আলো
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। ভাইটকান্দি ইউনিয়নের ভাইটকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে গতকাল দুপুর সাড়ে ১২টায় তোলা ছবি l প্রথম আলো

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণে খানিকটা হলেও কালিমা এঁকে দিয়েছেন পয়ারী ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এনামুল কবীর।
পয়ারী ইউনিয়নের ইমাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে পুলিশ এনামুল কবীরকে আটক করে। এর প্রতিবাদে তাঁর সমর্থকেরা সহিংসতা চালায়।
এ ছাড়া গতকাল মঙ্গলবার উপজেলার বাকি নয়টি ইউনিয়নে তুলনামূলকভাবে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়েছে। এর মধ্যে কয়েকটিতে আওয়ামী লীগ, বিএনপি ও আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীরা নিজেদের বাড়ির কাছে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তাঁরা সফল হননি।
সরেজমিনে পয়ারী ইউনিয়নের ইমাদপুর, চরপয়ারী, সাহাপুর কেন্দ্র ঘুরে দেখা যায়, ওই সব কেন্দ্রের বাইরে এনামুলের সমর্থকেরা অবস্থান নিয়ে সাধারণ ভোটারদের প্রভাবিত করেছেন। বেলা দেড়টার দিকে এনামুল কবীর ইমাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি ভোটকক্ষে ঢুকে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করেন বলে অভিযোগ করেন কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হোসনে আরা। হোসনে আরা বলেন, ‘আমার সঙ্গে এনামুল কবীরের ব্যালট বই নিয়ে টানাহেঁচড়া হলেও আমি বই ছাড়িনি।’ প্রিসাইডিং কর্মকর্তা মোস্তাক আহমেদ বলেন, ব্যালট ছিনতাইয়ের ঘটনায় পুলিশ এনামুল কবীরকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এনামুলের আটকের খবর ছড়িয়ে পড়লে বেলা সাড়ে তিনটার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। তাঁরা দেড় ঘণ্টা ময়মনসিংহ-শেরপুর মহাসড়ক অবরোধ করে রাখে। সড়কের দুই পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। এনামুল কবীরের সমর্থকেরা প্রশাসনকে জামায়াতের প্রশাসন উল্লেখ করে স্লোগান দেন। পরে প্রশাসনের উদ্যোগে অবরোধ তুলে নেওয়া হয়।
সরেজমিনে ফুলপুরের সিংহেশ্বর, ভাইটকান্দি, রূপসী ও ফুলপুরের কমপক্ষে নয়টি ভোটকেন্দ্রে দেখা যায়, ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। ওই সব কেন্দ্রের ভোটার ও প্রিসাইডিং কর্মকর্তারা বলেন, ফুলপুর ইউনিয়নের ঠাকুর বাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রিয়াজ উদ্দিনের সমর্থকেরা প্রভাব বিস্তারের চেষ্টা করেন। সিংহেশ্বর ইউনিয়নের মোকামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী শাহা আলী তাঁর সামনে ভোটারদের চেয়ারম্যান পদে ভোট দেওয়ার জন্য প্রিসাইডিং কর্মকর্তার কাছে অনুরোধ করেন। তবে প্রিসাইডিং কর্মকর্তা আবদুল হামিদ বলেন, শাহা আলীর এ ধরনের অনুরোধ রাখা হয়নি। শাহা আলী দাবি করেন, ‘এলাকাবাসী চায় আমার সামনে ভোট দিতে। তাই এই প্রস্তাব দেওয়া হয়েছিল। এ ছাড়া ভাইটকান্দি ইউনিয়নের ভাইটকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির প্রার্থী আবদুল আহাদের কর্মীরা ভোটকেন্দ্রের বাইরে প্রভাব বিস্তার করেন। ফুলপুরের ১০টি ইউপিতে নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।