‘নৃগোষ্ঠী’ ও ‘ক্ষুদ্র জাতিসত্তা’ সম্বোধনের প্রতিবাদ
উৎসব বর্জনের ঘোষণা আদিবাসী শিক্ষার্থীদের
আগামী ৩ ডিসেম্বর থেকে ঢাকায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপির যৌথ উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব বর্জনের ঘোষণা দিয়েছে বান্দরবানের আদিবাসী শিক্ষার্থীরা।গতকাল শুক্রবার ‘সচেতন আদিবাসী ছাত্র সমাজ’ ব্যানারে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে আদিবাসীদের বিভিন্ন সংগঠন একই ঘোষণা দেয়।সকাল ১০টায় শহরের পুরোনো রাজবাড়ী মাঠ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মারমা ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি মংএ চিং মারমা। বক্তব্য দেন ম্রো ছাত্র সংগঠনের সভাপতি ইয়াংঙান ম্রো, ত্রিপুরা ছাত্র সংসদের সভাপতি অরুণ ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা ছাত্র কল্যাণ পরিষদের সভপাতি আশীষ কুমার তঞ্চঙ্গ্যা, খিয়াং ছাত্র সংস্থার সভাপতি হ্লামং খিয়াং, সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব বর্জনের জন্য গঠিত আদিবাসী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্বয় কমিটির সদস্যসচিব জলিমং মারমা প্রমুখ।বক্তারা বলেন, ইউএনডিপি পার্বত্য চট্টগ্রাম ও এ অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে সরকারের আস্থা তৈরির কাজ করছে। প্রতিবছর তারা ঢাকায় আদিবাসী সাংস্কৃতিক উৎসব করে আসছে। কিন্তু এবার তারা সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসবের মোড়কে নৃগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিসত্তা আখ্যায়িত করে আদিবাসীদের আত্মপরিচয় বিকিয়ে দেওয়ার পাঁয়তারা করছে। বক্তারা পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশের আদিবাসীদের এ উৎসব বর্জন করার আহ্বান জানান।প্রসঙ্গত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের (সিএইচটিডিএফ) অধীনে পাঁচ বছর ধরে আদিবাসীদের নিয়ে সাংস্কৃতিক উৎসব উদ্যাপন করে আসছে। গত বছর এ উৎসবের নাম পরিবর্তন করে সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব রাখা হয়। তখন নাম পরিবর্তন করলেও মূল প্রতিপাদ্যে আদিবাসী বলা হয়েছিল।আদিবাসী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্বয় কমিটির সদস্যসচিব জলিমং মারমা বলেন, এবারের ওই উৎসবে আদিবাসী নৃগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিসত্তা অভিহিত করা হয়েছে। এ জন্য আদিবাসীরা এ উৎসব বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ওই উৎসব প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে কথা রয়েছে।এদিকে বাঙালি ছাত্র পরিষদ পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশনের (সিএইচটি কমিশন) সফরের প্রতিবাদে শহরের ট্রাফিক চত্বরে গতকাল মানববন্ধন করেছে।মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি কামরান ফারুক, বান্দরবান সরকারি কলেজের সভাপতি মঞ্জুর আলম, আবদুর রহিম, সমঅধিকার আন্দোলনের নেতা হাফেজুর রহমান মাষ্টার প্রমুখ। তাঁরা পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন, সেনাবাহিনী না থাকলে বাঙালিরা পার্বত্য চট্টগ্রামে থাকতে পারবে না। সিএইচটি কমিশন আদিবাসীদের নিয়ে ষড়যন্ত্র করছে বলেও তাঁরা দাবি করেন।