উৎসব ভাতার দাবিতে শ্রমিকদের কর্মবিরতি
নির্ধারিত হারে উৎসব ভাতার দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় রাষ্ট্রমালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) সাতটি চা-বাগানে শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। গতকাল সোমবার চা-বাগান কার্যালয় ও কারখানার ফটকে তালা ঝুলিয়ে ওই কর্মবিরতি শুরু করেন তাঁরা।
কমলগঞ্জের কুরমা, পাত্রকলা, চাম্পারায়, মাধবপুর, মদনমোহনপুর চা-বাগান, ফাঁড়ি চা-বাগান পদ্মছড়া ও বাঘাছড়া—এই সাতটি চা-বাগানের আনুমানিক ছয় হাজার নিবন্ধিত শ্রমিক গতকাল কাজে যোগ দেননি। ফলে বাগানের কাঁচা পাতা উত্তোলন ও উৎপাদন বন্ধ ছিল।
পাত্রকলা চা-বাগানের সাবেক পঞ্চায়েত সভাপতি ঘরনা অলমিক ও পাত্রকলা চা-বাগানের পঞ্চায়েত কমিটির সম্পাদক আমিরুল ইসলাম বলেন, মালিকপক্ষের সঙ্গে চা-শ্রমিক ইউনিয়নের সমঝোতা স্মারক চুক্তি অনুযায়ী দুর্গাপূজা উপলক্ষে ২ হাজার ৭২০ টাকা এবং সমপরিমাণ বকেয়া টাকা পাওয়ার কথা। তাঁর দাবি, দেশের অন্য ব্যক্তিমালিকানাধীন চা-বাগানগুলোতে নির্ধারিত হারে উৎসব ভাতা দেওয়া হয়েছে। শুধু কমলগঞ্জে এনটিসির মালিকানাধীন সাতটি চা-বাগানে ১ হাজার ৬০ টাকা করে ভাতা দিতে চেয়েছিল। শ্রমিকেরা তা গ্রহণ না করে সোমবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন।
নাম প্রকাশ না করার শর্তে এনটিসির মালিকানাধীন কুরমা ও পাত্রকলা চা-বাগানের ব্যবস্থাপকেরা বলেন, পর্যায়ক্রমে নির্ধারিত হারে উৎসব ভাতা দেওয়া হবে। তবে তহবিলসংকটের কারণে ১ হাজার ৬০ টাকা হারে ভাতা দেওয়া হচ্ছিল। শ্রমিকনেতাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানান তাঁরা।