উৎসব-ভাতার বাকি টাকা তোলা নিয়ে জটিলাতা
নড়াইলের লোহাগড়া উপজেলার অর্ধশতাধিক প্রদর্শক ও গ্রন্থাগারিক গত ঈদুল ফিতরের ২৫ ভাগ উৎসব-ভাতা এখনো তুলতে পারছেন না। তাঁদের জন্য গত ঈদে ৫০ ভাগ উৎসব-ভাতা বরাদ্দ হয়। ৫০ ভাগ উৎসব-ভাতার খবর জানতে না পারায় তাঁরা ২৫ ভাগ ভাতা তুলেছিলেন। জানা গেছে, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, প্রদর্শক ও গ্রন্থাগারিকেরা এর আগে মূল বেতনের ২৫ ভাগ উৎসব-ভাতা পেতেন। গত ঈদে সারা দেশের প্রদর্শক ও গ্রন্থাগারিকদের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ৫০ ভাগ উৎসব-ভাতা প্রদানের নির্দেশ দেয়। লোহাগড়া উপজেলার শিক্ষকেরা ৫০ ভাগ উৎসব-ভাতার কথা জানতেন না। ফলে তাঁরা আগের মতো ২৫ ভাগ ভাতার বিল তৈরি করে সে টাকা উত্তোলন করেন। উপজেলায় পাঁচটি কলেজ ও তিনটি মাদ্রাসা রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৫০ জন প্রদর্শক ও গ্রন্থাগারিক আছেন। এঁরা লোহাগড়া বাজার শাখা রূপালী ব্যাংক থেকে বেতন-ভাতার টাকা তোলেন। এসব প্রদর্শক ও গ্রন্থাগারিকেরা জানান, ৫০ ভাগ উৎসব-ভাতার কথা ঈদের পরে জানতে পেরেছেন। এখন রূপালী ব্যাংক বাকি ২৫ ভাগ ভাতা দিচ্ছে না। অথচ দেশের অনেক জায়গায় ঈদের পরে সম্প্রতি বাকি ২৫ ভাগ উৎসব-ভাতা আলাদাভাবে তুলেছেন অনেকে। তবে দেশের অনেক এলাকার প্রদর্শক ও গ্রন্থাগারিকেরা এখনো ৫০ ভাগ উৎসব-ভাতার খবর জানেন না। রূপালী ব্যাংক লোহাগড়া শাখার ব্যবস্থাপক অরুপ কুমার পোদ্দার বলেন, গত মাসের অব্যয়িত অর্থের হিসাব বিবরণী জমা দেওয়া হয়ে গেছে। তাই নতুন করে মাউশি নির্দেশ না দিলে বাকি ২৫ ভাগ উৎসব-ভাতা দেওয়া সম্ভব নয়। ব্যাংকে টাকা জমা আছে। নির্দেশ পেলে উৎসব-ভাতা দেওয়া সম্ভব হবে।