উৎসব মানেই নারীর কাজের চাপ বেড়ে যাওয়া!
অলি-বরকত দম্পতি সব কাজ ভাগাভাগি করে করেন। তাঁদের ছেলেমেয়েরাও টুকটাক সহযোগিতা করে পরিবারের কাজে। এবার কোরবানির ঈদেও এর ব্যতিক্রম হয়নি। ফলে রাতে সবাই মিলে টিভিতে ঈদের অনুষ্ঠানগুলোও দেখতে পেরেছে। একসঙ্গে আনন্দময় সময় কাটাতে পেরেছে তারা।
তবে এটা সমাজের চিরাচরিত চিত্র নয়, বরং পরিবর্তিত চিত্র বলা যায়। চিরাচরিত চিত্র হলো, কোরবানির জন্য পশু কেনা আর জবাইয়ের বন্দোবস্তের পর মাংস ঘরে আনা পর্যন্ত দায়িত্ব সাধারণত পরিবারের পুরুষ সদস্য পালন করেন। মাংস ঘরে আসার পর সব দায়িত্ব এসে পড়ে নারী সদস্যদের কাঁধে। কিন্তু ঘরের সেই মা-বোনের কি শুধু মাংসের ব্যবস্থাপনাই একমাত্র কাজ?
ঈদের দিন সকালে পিঠা বানিয়েছেন রাজিয়া সুলতানা (ছদ্মনাম)। তেল ছিটে দুই হাতে ফোসকা পড়ে তাঁর। সেই হাতেই মাংস ভাগ করা, প্যাকেট করা, বিতরণ করা, দ্রুত রান্না করা থেকে শুরু করে ফ্রিজে তুলে রাখা পর্যন্ত সব তাঁকেই করতে হয়েছে। পাশাপাশি ঈদের দিনের মেহমানদারি, ছেলেমেয়েদের আবদার আর এক বছরের ছেলের দেখভালও করতে হয়েছে।
সিদ্ধেশ্বরীর রাজিয়া সুলতানা (৪০) মজা করেই বললেন, ‘কোরবানির মাংস ঘরে এনেই স্বামীর কাজ শেষ। এবারও সবকিছু আমাকেই সামলাতে হয়েছে। সকালে পোলাও, দুপুরের পর মাংসের সঙ্গে রুটিসহ কত কী!’
ঢাকা শহরের বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের কমপক্ষে ৫০ জন নারী সরাসরি, টেলিফোনে আর সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল মঙ্গলবার এ বিষয়ে আলোচনায় যুক্ত হন প্রথম আলোর সঙ্গে। তাঁদের অধিকাংশের অভিজ্ঞাতাই রাজিয়া সুলতানার মতো। তবে কয়েকটি পরিবারের পুরুষ সদস্য রান্নার কাজে সহযোগিতা করেছেন বলে জানান নারীরা। বয়সে তাঁরা তরুণ গৃহকর্তা।
নারীদের ৪১ জন জানান, ঈদে পুরুষ সদস্যের দায়িত্ব কোরবানির পশু কেনা ও জবাইয়ের তদারকি থেকে দুস্থদের ভাগটি বিলানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। ছয়জন নারী বলেছেন, বাসার পুরুষ সদস্য রান্নার কাজে সহযোগিতা করেছেন।
কয়েকজন নারী জানিয়েছেন, তাঁদের স্বামীরা ঘরের কাজে সহযোগিতা করতে চাইলেও শ্বশুর-শাশুড়ি অপছন্দ করেন বলে নিজেদের গুটিয়ে রাখেন।
আফসানা খাতুনের (৩৫) বাড়ি মিরপুরের কালশীতে। তাঁদের যৌথ পরিবার। পরিবারের পুরুষ সদস্যরা কেবল গরু কিনেছেন। বাকি সব সামলেছেন নারীরা। এই পরিবারের পুরুষ সদস্য খলিল উদ্দিন বলেন, ‘ঘরের মহিলারাই ভালো বোঝে কাকে কতটুকু মাংস দিতে হবে। আর আমি তো রান্না করতেও পারি না যে হেল্প করব।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড উইমেন স্টাডিজের সহযোগী অধ্যাপক তানিয়া হক বলেন, শুধু ঈদ নয়, যেকোনো উৎসবেই সব শ্রেণির নারীদের কাজের চাপ বেড়ে যায়। এখানে পরিবর্তন আনতে পরিবার, বিশেষ করে মাকে বিশেষ ভূমিকা নিতে হবে। সন্তানদের বোঝাতে হবে যে নারী-পুরুষের কাজে কোনো ভিন্নতা নেই। সবার সব কাজ করা উচিত।