দিন যত যাচ্ছে, নির্বাচন নিয়ে গুঞ্জন ততই বাড়ছে। নির্বাচনী গণসংযোগ ও প্রচারণাকালে আচরণবিধি লঙ্ঘন এবং সহিংসতার ঘটনাও ঘটছে। এ জন্য কুষ্টিয়ায় পৌরসভা নির্বাচনে সাধারণ ভোটারদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কুষ্টিয়া, ভেড়ামারা, মিরপুর, কুমারখালী ও খোকসা পৌর এলাকার ২৫ জন ভোটার ও পাঁচজন সচেতন নাগরিকের সঙ্গে কথা বলে জানা গেছে, কুমারখালী, মিরপুর, ভেড়ামারা ও খোকসা পৌর নির্বাচনে ভোট দেওয়া নিয়ে সাধারণ ভোটাররা শঙ্কিত। কারণ, এই চার পৌর এলাকায় কয়েকজন প্রার্থী প্রভাবশালী। ইতিমধ্যে এসব এলাকায় প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফলে ভোটের দিন নির্বিঘ্নে ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে সন্দিহান তাঁরা।
সচেতন নাগরিক কমিটি (সনাক) কুষ্টিয়া শাখার আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, এবার নির্বাচনে বিভিন্ন দল অংশ নেওয়ায় উৎসব সৃষ্টি হয়েছে। এটা যেন মলিন না হয়। সে জন্য প্রশাসনের সব পর্যায়ের কঠোরতা প্রয়োজন।
কুমারখালী ডিগ্রি কলেজের শিক্ষক রাসেল মোশাররফ চৌধুরী বলেন, সুষ্ঠু ভোট গ্রহণ প্রক্রিয়ার মধ্য দিয়ে একজন সৎ ও যোগ্য ব্যক্তি মেয়র নির্বাচিত হোক।
খোকসা ধোকড়াকোল ডিগ্রি কলেজের শিক্ষক ইশরাত জাহান বলেন, ‘একজন সচেতন নাগরিক হিসেবে অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট প্রত্যাশা করি। তা না হলে কোনোভাবেই সৎ ও যোগ্য ব্যক্তি নির্বাচিত হবে না। ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে এলাকার উন্নয়ন ও সামাজিক নানা বিষয় বিবেচনা করব।’
ভেড়ামারার বেশ কয়েকজন ভোটারের ধারণা, মার্কাকে অনেকেই প্রাধান্য না দিয়ে যোগ্য ও পছন্দের ব্যক্তিকেই ভোট দেবেন মানুষ।
ব্যবসায়ী এ বি এম গোলাম মাহাবুব খান বলেন, ‘নিরাপদ পৌরসভা চাই। চাই শান্তিপূর্ণ পরিবেশ।’ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বৃষ্টি হলেই সড়ক ডুবে যায়, এ সমস্যার যে সমাধান দেবেন, আমরা তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করব।’
শিক্ষক সুদিন কুমার লাহেড়ী বলেন, জনগণ আগের তুলনায় অনেক সচেতন। ভোটারদের মধ্যে আলাদা উত্তেজনা কাজ করছে। তবে প্রশাসন নিরপেক্ষ থাকলে উত্তেজনা উৎসবে পরিণত হবে।
কুষ্টিয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব রকম ব্যবস্থা থাকবে।