উৎসব শেষ, বিজয়ী সেন্ট গ্রেগরীজ

যুক্তিতর্কের মধ্য দিয়ে শেষ হলো পুরান ঢাকার ‘ফার্ম ফ্রেশ-বন্ধুসভা বিতর্ক উৎসব, ২০১৩’। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে সেন্ট গ্রেগরীজ হাইস্কুল, রানারআপ অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ।
গতকাল শনিবার বিকেলে বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা শেষে সমাপনী অনুষ্ঠানে এ ফলাফল ঘোষণা করা হয়। ‘যুক্তির ঝলকে মঙ্গল আলোকে’ এ স্লোগানে গত শুক্রবার এ উৎসব শুরু হয়। এতে অংশ নেয় পুরান ঢাকার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান।
গতকালের চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল ‘মুক্তিযুদ্ধের ইতিহাস জানা দেশপ্রেমেরই অংশ।’ বিজয়ীরা হলো অনয় ভূইয়া, আমির হামজা ও পার্থ সাহা। আর রানারআপ হয় আবাসসুম আলী, ফাদিয়া আহমেদ ও নাঈমা মিতু। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয় আবাসসুম আলী। বিতর্কে স্পিকারের দায়িত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুবর্ণ বড়ুয়া।
সমাপনী অনুষ্ঠানে প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক বলেন, একজন শিক্ষার্থী বিতর্ক শিখলে যেকোনো ক্ষেত্রে সাহসের সঙ্গে যুক্তি দিয়ে কথা বলতে পারে। তিনি পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের বিতর্কচর্চায় এগিয়ে আসার আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী বলেন, তরুণ প্রজন্মকেই যুক্তিতর্কের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা জাহান বলেন, বিতর্কে রাজধানীর ভালো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে পুরান ঢাকার শিক্ষার্থীরাও এগিয়ে রয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান। উপস্থিত ছিলেন গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের উপসহকারী ব্যবস্থাপক (ব্র্যান্ড মার্কেটিং) মো. শফিকুল ইসলামসহ পুরান ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা।