উৎসবভাতা বৃদ্ধির দাবিতে টঙ্গীতে বিক্ষোভ
উৎসবভাতা বাড়ানোর দাবিতে গাজীপুরের টঙ্গী উপজেলার চেরাগআলীতে পার্ল প্রিন্স অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল নয়টার দিকে তাঁরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। বর্তমানে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের দাবি নিয়ে শিল্প পুলিশ আলোচনায় বসেছে।
বর্তমানে শ্রমিকেরা মূল বেতনের ৫০ শতাংশ উত্সবভাতা পান। তা ২৫ শতাংশ বাড়ানোর দাবি করছেন তাঁরা।
বিক্ষোভরত শ্রমিকদের কয়েকজন জানান, উত্সবভাতা আরও ২৫ শতাংশ বাড়ানোর দাবিতে চার দিন ধরে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। কিন্তু কোনো সমাধান না আসায় আজ সকাল নয়টা থেকে তাঁরা কর্মবিরতি শুরু করেন। খবর পেয়ে কারখানার মালিক ও ব্যবস্থাপনা পরিচালক মো. তসলিম উদ্দিন কারখানায় এসে শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেন।
আলোচনা চলাকালে কারখানার ভেতর বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এ সময় কারখানা থেকে সব শ্রমিক হুড়োহুড়ি করে বের হয়ে কারখানার সামনে বেক্সিমকো রোডে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের দাবি নিয়ে শিল্প পুলিশ আলোচনায় বসেছে।
শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী আবদুল কাইয়ুম জানান, মালিকপক্ষ ২৫ শতাংশের জায়গায় ১৫ শতাংশ মেনে নিয়েছে। কিন্তু শ্রমিকেরা তা মানতে নারাজ। তাই এখনো আলোচনা চলছে।