উৎসবমুখর তেজগাঁও ট্রাক টার্মিনাল আজ নির্বাচন
বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ তেজগাঁও ট্রাক টার্মিনাল এলাকায়। টার্মিনালে অবস্থিত ইউনিয়নের প্রধান কার্যালয় এলাকায় কয়েক দিন ধরেই এ উপলক্ষে চলছে জোর প্রচার, মিছিল, সভা। আজ শুক্রবার অনুষ্ঠিত হবে ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে গিয়ে দেখা যায়, পুরো টার্মিনাল এলাকা লোকে লোকারণ্য। পাশের চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় নির্বাচনী আলোচনা। নিজের পক্ষে ভোট চেয়ে প্রার্থীরা মিছিল করেছেন, ভোটারদের মধ্যে জনসংযোগ করছেন। নির্বাচন ইউনিয়ন কার্যালয়ের সামনের গাছে ঝুলছে ফুটবল, হারিকেন, আম ও ছাতা। ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে প্রার্থীরা নিজ নিজ প্রতীক গাছে টানিয়ে দিয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে ১৮টি পদে মোট ৩০ জন নির্বাচিত হবেন। নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ৫৫ জন। সারা দেশে অবস্থিত ইউনিয়নের প্রায় ৩০টি শাখার সদস্যরা নির্বাচনে ভোট দেবেন। সারা দেশের প্রায় ২১ হাজার চালক ও তাঁর সহকারীরা ভোটের মাধ্যমে তাঁদের নেতা নির্বাচন করবেন। কলাবাগান ক্রিকেট মাঠে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট নেওয়া হবে।