উৎসবমুখর নির্বাচন
গলির রাস্তায় সাজিয়ে রাখা হয়েছে রিকশা, বাস, গরুর গাড়ি। শূন্যে ঝুলছে বালতি, কলস, মোরগ, হাঁস। পোস্টার আর লিফলেটে ছেয়ে গেছে চারদিক। সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ সেখানে।স্থানটি ফরিদপুর শহরের রথখোলা যৌনপল্লি। গতকাল রোববার সেখানে যৌনকর্মীদের সংগঠন জয় নারী কল্যাণ সংঘের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।কাকে ভোট দেবেন, জানতে চাইলে সারিতে দাঁড়িয়ে থাকা এক ভোটার বললেন, ‘বলব কেন?’ পাশ থেকে আরেকজন বললেন, ‘ভোট দেব মার্কা দেখে।’জয় নারী কল্যাণ সংঘ সূত্রে জানা গেছে, প্রতি দুই বছর পর পর গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে দুবার এভাবেই নির্বাচন হয়েছে। এবার নির্বাচনে নয়টি পদে মোট প্রার্থী আছেন ২১ জন। কোনো প্যানেল হয়নি। ভোটার ৩৭০ জন। সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বেলা দুইটায়। তারপর চলে গণনার পালা। ৩৫১ জন ভোটার ভোট দিয়েছেন।সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী দুজন। তাঁরা হলেন, সাবেক সভাপতি আলেয়া বেগম ও সাবেক সাধারণ সম্পাদক রোজিনা আক্তার। মাত্র তিন ভোটের ব্যবধানে রোজিনাকে হারিয়ে আলেয়া ১৬৫ ভোটে সভাপতি নির্বাচিত হন। ১১১ ভোট পেয়ে সহসভাপতি হন রোকেয়া খাতুন এবং রহিমা আক্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হন ১৩৫ ভোট পেয়ে।সহকারী নির্বাচন কমিশনার সালামত হোসেন খান জানান, এ নির্বাচনে জাতীয় নির্বাচনের মতোই কড়াকড়ি আরোপ করা হয়েছিল। পোস্টারগুলো এক রঙা ছাপা হয়েছে। কোনো প্রার্থীই দুই হাজারের বেশি পোস্টার বা লিফলেট ছাপাতে পারেননি। বন্ধ ছিল সব ধরনের মিছিল, মিটিং ও সমাবেশ।কেন এ নির্বাচন, এ কমিটির কাজ কী—জানতে চাইলে সাধারণ ভোটাররা বলেন, ‘এ পল্লিতে অনেক সমস্যা। আছে মাস্তান ও পুলিশের দৌরাত্ম্য, বিভিন্ন মহলের চাঁদাবাজি, যৌনকর্মীদের হয়রানি ও নির্যাতন, অপ্রাপ্তবয়স্ক মেয়ে কেনাবেচা প্রভৃতি। আমাদের এসব সমস্যা নিয়ে কাজ করবে এ কমিটি।’