উৎসবমুখর পরিবেশ, জমা পড়ল ৪৩ মনোনয়নপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে গতকাল বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দেন। নওগাঁর ছয়টি আসনে মোট মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৩ জন।

 রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা পড়েছে সাতজনের। বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা পড়েছে ১৫ জনের। ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী রয়েছেন ছয়জন। বাম গণতান্ত্রিক জোটের হয়ে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনজন। জাতীয় পার্টির চারজন, বিএনএফের একজন, বিকল্পধারার একজন, জাতীয় পার্টি-জেপির (মঞ্জু) একজন, জাসদের একজন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন চারজন।

নওগাঁর ছয় আসনে আওয়ামী লীগ মনোনীত সাতজন প্রার্থী হলেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ (পত্নীতলাও ধামইরহাট) আসনে শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনে ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৪ (মান্দা) আসনে ইমাজ উদ্দিন প্রামাণিক, নওগাঁ-৫ (সদর) আসনে নিজাম উদ্দিন জলিল ও আবদুল মালেক এবং নওগাঁ-৬ (রানীনগর ও আত্রাই) আসনে ইসরাফিল আলম।

বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন, নওগাঁ-১ আসনে মোস্তফিজুর রহমান, ছালেক চৌধুরী ও মাসুদ রানা, নওগাঁ-২ আসনে সামসুজ্জোহান খান ও খাজা নজিবুল্লাহ চৌধুরী, নওগাঁ-৩ আসনে রবিউল আলম ও পারভেজ আরেফিন সিদ্দিকী, নওগাঁ-৪ আসনে সামসুল আলম প্রামাণিক, একরামুল বারী টিপু ও আবদুল মতিন, নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম, নজমুল হক ও আবদুল লতিফ খান এবং নওগাঁ-৬ আসনে আলমগীর কবির ও রেজাউল ইসলাম।

স্বতন্ত্র প্রার্থী হয়েছেন নওগাঁ-২ আসনে আওয়ামী লীগ নেতা আখতারুল আলম, নওগাঁ-৪ আসনে আওয়ামী লীগ নেতা আবদুল বাকী ও জামায়াত নেতা আবদুর রাকিব এবং নওগাঁ-৬ আসনে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন হেলাল।

ইসলামিক আন্দোলনের প্রার্থী হিসেবে নওগাঁ-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোস্তফিজুর রহমান, নওগাঁ-২ আসনে দেলোয়ার হোসেন, নওগাঁ-৩ আসনে সেকেন্দার আলী, নওগাঁ-৪ আসনে শহিদুল ইসলাম, নওগাঁ-৫ আসনে আশরাফুল ইসলাম ও নওগাঁ-৬ আসনে শাহজাহান আলী। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নওগাঁ-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তোফাজ্জল হোসেন, নওগাঁ-৪ আসনে এনামুল হক, নওগাঁ-১ আসনে আকবর আলী, নওগ-৫ আসনে ইফতারুল আলম।

 জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) মনোনীত প্রার্থী হিসেবে নওগাঁ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাইদুর রহমান। বাম গণতান্ত্রিক জোট থেকে নওগাঁ-৪ আসনে মনোনয়ন জমা দিয়েছেন এস এম ফজলুর রহমান (সিপিবি), নওগাঁ-১ আসনে মঙ্গল কিস্কু (বাসদ) ও নওগাঁ-৩ আসনে জয়নাল আবেদিন মুকুল (বাসদ)। নওগাঁ-৩ আসনে বিএনএফের (বাংলাদেশ জাতীয়বাদী ফ্রন্ট) প্রার্থী হয়েছেন জাবেদ আলী, নওগাঁ-১ আসনে বিকল্পধারার প্রার্থী হয়েছেন আবু হেনা মোস্তফা কামাল, নওগাঁ-৫ আসনে জাসদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আজাদ হোসেন মুরাদ।