উৎসবমুখর পরিবেশে চার জেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে দেশের বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী: সদর উপজেলার বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে ভোটারদের দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। ভোটকেন্দ্রের বাইরেও দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। সাড়ে নয়টার দিকে পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা গাওছুল আযম বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৩৭ জন। এরই মধ্যে ৬০০ ভোট পড়েছে। সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীচাপ ইউনিয়নের কচুয়া চৌরঙ্গী সেবা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, ভোটার উপস্থিতি কম।
বেলা একটার দিকে চওড়া বড়গাছা ইউনিয়নের উত্তর চওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, ভোটার উপস্থিতি কম। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এহছানুল হক বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ২৯১ জন। এর মধ্যে ১ হাজার ৬০০ ভোট পড়েছে।
লক্ষ্মীচাপ ইউনিয়নে বিএনপির প্রার্থী আশরাফ আলীর সঙ্গে কথা হয় বেলা একটার দিকে। তিনি বলেন, এখন পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হচ্ছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলী বিকেল সাড়ে চারটার দিকে বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। শুধু লক্ষ্মীচাপ ইউনিয়নে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে এক কলেজছাত্রকে ভ্রাম্যমাণ আদালত ৫০০ টাকা জরিমানা করেন।
গাইবান্ধা: সুন্দরগঞ্জের ১২টি ইউপিতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অন্তত ২৫টি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের উপচেপড়া ভিড়। দুপুরে উপজেলার রামজীবন ইউনিয়নের বাজারপাড়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভোটার মফজ্জল হোসেন বলেন, ‘এবারই প্রথম দলীয় প্রতীকে ইউপি নির্বাচন। কিন্তু কেউ প্রভাব দেখায়নি। ভালোভাবে ভোট দিয়েছি।’ ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, সকালে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। এ সময় ভোটকেন্দ্র পরিদর্শনে আসা জেলা প্রশাসক মো. আবদুস সামাদ বলেন, ‘সকাল থেকে দুপুর পর্যন্ত অন্তত ২০টি কেন্দ্র ঘুরে দেখেছি, ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিচ্ছেন।’
রংপুর: পীরগঞ্জের ১১টি ইউনিয়নে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। তবে বেলা তিনটার দিকে মদনখালী ইউনিয়নের বাবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজার রহমান মণ্ডল, তাঁর বড় ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মণ্ডল একটি বুথে ঢুকে পড়েছেন—এ খবর ছড়িয়ে পড়লে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীদের কর্মী-সমর্থকেরা ভোটকেন্দ্রে ঢোকার চেষ্টা করেন। পরে দুটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ সময় আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। তবে নূর মোহাম্মদ মণ্ডল বলেন, ‘আমি বুথে যাইনি।’
বড় দরগাহ ইউনিয়নের জাতীয় পার্টির চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক মণ্ডল বলেন, ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছেন। চৈত্রকোল ইউনিয়নের ঝাড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কথা হয় বিএনপির প্রার্থী লিয়াকত আলী মণ্ডলের সঙ্গে। তিনি বলেন, ভোট শান্তিপূর্ণ হয়েছে।
পাটগ্রাম (লালমনিরহাট): পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে নারী-পুরুষদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা একটার মধ্যে বেশির ভাগ কেন্দ্রে ৫০ থেকে ৬০ শতাংশ ভোট পড়েছে।