উৎসবমুখর পরিবেশে ছাত্র পরিষদ নির্বাচন অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে ছাত্র পরিষদ নির্বাচন-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিভিন্ন বিদ্যালয়ে এ নির্বাচন শুরু হয়। কুমিল্লার দাউদকান্দি উপজেলার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল ছাত্র পরিষদ িনর্বাচনে ভোট গ্রহণ করা হয়।
প্রতিটি বিদ্যালয়েই শিক্ষার্থীদের মধ্য থেকেই পোলিং এজেন্ট, প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশ, আনসার ও নির্বাহী হাকিম নিয়োগ দেওয়া হয়। শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী প্রতিনিধি নির্বাচন করে। এ নির্বাচন উপলক্ষে প্রতিটি বিদ্যালয়ে সকাল থেকেই শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল নাসিরনগরে ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে নাসিরনগরের ১৭টি উচ্চবিদ্যালয় ও ৫টি মাদ্রাসা ছিল। ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৫৬টি মনোনয়নপত্র বিতরণ করা হয়। এর মধ্যে ৩৪৭টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ৪৪টি মনোনয়নপত্র বাতিল ও প্রত্যাহার করা হয়। চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ৩০৩।
ভোট গ্রহণ শেষে প্রতিটি বিদ্যালয়েই নির্বাচিতদের নাম ও ভোটসংখ্যা জানিয়ে দেওয়া হয়। নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ হবে এক বছর। নির্বাচিত প্রতিনিধিরা বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ পরিবেশ সংরক্ষণ, পুস্তক ও শিক্ষাসামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি, পানিসম্পদ, বৃক্ষরোপণ ও বাগান করা, অভ্যর্থনা, আপ্যায়নসহ বিভিন্ন কর্মকাণ্ডে ভূমিকা রাখবে। নির্বাচিত প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে চাহিদার ভিত্তিতে বাৎসরিক কর্মপরিকল্পনা প্রণয়ন করবে।
সকালে আশুতোষ পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী কামরুন নাহার, মৌরিন চৌধুরীর সঙ্গে কথা হলে তারা বলে, নির্বাচন খুব সুন্দর ও সুষ্ঠু হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান বলেন, গণতন্ত্রের চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, নেতৃত্বগুণ সৃষ্টি, বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ উন্নত করার ক্ষেত্রে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে এই নির্বাচনের আয়োজন করা হয়।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মাধ্যমিকপর্যায়ের ২৫টি বিদ্যালয় ও একটি দাখিল মাদ্রাসায় ছাত্র পরিষদ নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে।