উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদ্যাপিত

উৎসবমুখর পরিবেশে গতকাল বৃহস্পতিবার ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি বা জন্মাষ্টমী উদ্যাপন করেছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। এ উপলক্ষে বিকেলে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে হাজারো মানুষ অংশ নেন।
দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
গতকাল বেলা তিনটায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে এই শোভাযাত্রা বের হয়। পলাশী হয়ে শহীদ মিনার, হাইকোর্টের সামনে দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভবন এবং নবাবপুর হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার সামনে ও পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন।
পলাশীর মোড়ে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শোভাযাত্রার উদ্বোধন করেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সাংসদ হাজি মোহাম্মদ সেলিম, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটির সভাপতি জয়ন্ত সেন এতে সভাপতিত্ব করেন। শুভেচ্ছা বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার পাল। পরে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের হয়। মহানগর সর্বজনীন পূজা উদ্যাপন কমিটি ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ এ শোভাযাত্রার আয়োজন করে।
জন্মাষ্টমী উপলক্ষে গতকাল ছিল সরকারি ছুটি। বাংলাদেশ বেতার, টেলিভিশনসহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত হয় বিশেষ অনুষ্ঠান।