উৎসবমুখর পরিবেশে টেকনাফে আর্থিক খাত নিয়ে রোড শো শুরু
আর্থিক খাত নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়ে টেকনাফে আট দিনব্যাপী রোড শোর উৎসবমুখর সূচনা হয়েছে। ‘উন্নয়নের যাত্রা: টেকনাফ থেকে তেঁতুলিয়া’ স্লোগান নিয়ে গতকাল শুক্রবার দুপুর ১২টায় শোর উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। রোড শো উপলক্ষে টেকনাফের পাইলট হাইস্কুলে এক সমাবেশের আয়োজন করা হয়। দেশের ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীসহ কয়েক শ কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের সদস্যরা এ সমাবেশে উপস্থিত ছিলেন।রোড শো নিয়ে কক্সবাজার ও টেকনাফের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়। বিভিন্ন স্থানে সারি বেঁধে সাধারণ মানুষ গাড়ির বহরকে স্বাগত জানিয়েছে। কক্সবাজার ও টেকনাফকে তোরণ, পোস্টার ও ব্যানার-ফেস্টুনে সাজানো হয়।দুপুরে কক্সবাজারের সিগাল হোটেলে আয়োজন করা হয় ব্যাংক মেলা। ব্যাংকগুলো নিজেদের বিভিন্ন ধরনের সেবা তুলে ধরে মেলায় আসা ব্যক্তিদের কাছে।কৃষি খাতে ঋণ বিতরণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থায়ন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন নিয়ে সচেতনতা তৈরি ও বিদেশ থেকে প্রবাসী-আয় বৈধপথে দেশে পাঠানোকে উৎসাহিত করতে কেন্দ্রীয় ব্যাংক এই কর্মসূচির আয়োজন করেছে। দেশের সবচেয়ে দক্ষিণ প্রান্ত টেকনাফে শুরু হয়ে ১৩ দিন পর উত্তরের তেঁতুলিয়ায় গিয়ে এটি শেষ হবে।উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর আতিউর রহমান বলেন, সরকার সারা দেশে একটি দক্ষ, গতিশীল ও মানবিক ব্যাংকিং খাত গড়ে তুলতে চায়। তিনি বলেন, ‘মানুষের সেবা করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের অর্থনীতিতে নতুন মাত্রা সৃষ্টি করব। আমাদের দিগন্তে নতুন অর্থনৈতিক সূর্য উঁকি দেবে।’মানি লন্ডারিং প্রতিরোধের আহ্বান জানিয়ে গভর্নর বলেন, ব্যাংক ও দেশের স্বার্থে অবৈধভাবে অর্জিত অর্থ ব্যাংকে জমা নেওয়ার ক্ষেত্রে সাবধান হতে হবে।অর্থনৈতিক উন্নতিতে কৃষি ও এসএমইর গুরুত্ব অপরিসীম মন্তব্য করে গভর্নর বলেন, এ দুটি খাতই শ্রমঘন এবং জাতীয় আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রোড শোকে অর্থনৈতিক শিক্ষা হিসেবে অভিহিত করে তিনি বলেন, ভারতসহ বিশ্বের অনেক দেশই জনগণকে আর্থিক বাজার সম্পর্কে ধারণা দিতে এ ধরনের শিক্ষার আয়োজন করে থাকে।সমাবেশে স্থানীয় সাংসদ আবদুর রহমান স্থানীয় পান ও লবণচাষিদের মধ্যে ঋণ বিতরণের আহ্বান জানান।রোড শোর সমাবেশের আয়োজনে নেতৃত্ব দেয় এবি ব্যাংক। ব্যাংকের এমডি কাইজার এ চৌধুরী এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতাবুল ইসলাম, কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর মুরশিদ কুলী খান, এবি ব্যাংকের চেয়ারম্যান এম ওয়াহিদুল হক প্রমুখ।