উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীরা গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কের পাশে অবস্থান নেন। গাড়িবহর বিজয় সরণি পৌঁছার পর তাঁরা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান l ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীরা গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কের পাশে অবস্থান নেন। গাড়িবহর বিজয় সরণি পৌঁছার পর তাঁরা হাত নেড়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান l ছবি: ফোকাস বাংলা

কারও হাতে জাতীয় পতাকা। কারও হাতে ফেস্টুন আর ফুল। বাদ্যের তালে তালে স্লোগান ধরেন অনেকে। অনেক যুবককে দেখা গেল ভুভুজেলা বাজাতে। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দলীয় নেতা-কর্মী-সমর্থকেরা এভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশন শেষে লন্ডন হয়ে গতকাল শনিবার দুপুর পৌনে ১২টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দরে নামেন শেখ হাসিনা। কিছুক্ষণ যাত্রাবিরতি করে তাঁকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে বেলা একটার পরপরই। সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান মন্ত্রিপরিষদের সদস্য, দলের শীর্ষস্থানীয় নেতা ও সামরিক-বেসামরিক কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে গণভবনের উদ্দেশে যাত্রা করেন ১টা ১৭ মিনিটে। আগে থেকেই অবস্থান নেওয়া নেতা-কর্মী-সমর্থকেরা সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অভিবাদন জানান। প্রধানমন্ত্রী জবাব দেন হাত নেড়ে। বেলা দুইটার পর প্রধানমন্ত্রী গণভবনে পৌঁছান।
গণভবন মিলনায়তনের ফটকে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান শিল্পী, সাহিত্যিক, ক্রিকেটারসহ গুণীজনেরা। এ সময় রেজওয়ানা চৌধুরী বন্যা গানে গানে প্রধানমন্ত্রীকে বরণ করেন। গলা মেলান লেখক সৈয়দ শামসুল হক, শিল্পী হাশেম খানসহ অন্যরা।
প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে গণভবনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান, জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ এবং এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম, নিশাত মজুমদারসহ অন্যরা।
এরপর প্রধানমন্ত্রী উপস্থিত সবার সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।
জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ সম্মাননা ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের দেওয়া ‘আইসিটি অ্যাওয়ার্ড’ পাওয়ায় প্রধানমন্ত্রীকে এই সংবর্ধনা দেওয়া হয়।
গণভবনে লেখক সৈয়দ শামসুল হকের কাছ থেকে ফুলের তোড়া গ্রহণ করার পর প্রধানমন্ত্রী বলেন, ‘এসব পুরস্কার জাতির জন্য একটি সম্মান এবং জনগণকেই এর কৃতিত্ব দেওয়া উচিত।’
প্রধানমন্ত্রীর প্রটোকল ও সংবর্ধনায় আগত ব্যক্তিদের চাপে বিমানবন্দর সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। তিনি বিমানবন্দরে অবতরণের আগে বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় বিভিন্ন পরিবহন আটকা পড়ে যানজটে। অনেক যাত্রীকে আবদুল্লাহপুর, উত্তরায় নেমে লাগেজ ও মালামাল নিয়ে হেঁটে আসতে দেখা যায়।
গাড়িবহর বিমানবন্দর থেকে ছাড়ার কিছুক্ষণ আগে বিজয় সরণি পূর্ব প্রান্তের সিগন্যালে ফার্মগেট হয়ে মিরপুর, বিমানবন্দর সড়ক ও বিজয় সরণি উড়ালসড়ক ধরে চলা যানবাহন আটকে দেওয়া হয়। এ সময় কিছু যানবাহন তেজগাঁও কলেজের সামনে দিয়ে ডাইভারশন করে চালানো হয়। একই সময় বন্ধ থাকে পুরোনো বিমানবন্দরের পাশ দিয়ে চলা লিংক রোডও। রোকেয়া সরণিও একপর্যায়ে বন্ধ হয়। প্রধানমন্ত্রী গণভবনে প্রবেশের পর সব সড়ক খুলে দেওয়া হয়। তবে দুই পাশে সারিবদ্ধ নেতা-কর্মীরা রাস্তায় নেমে এলে যান চলাচল বাধাগ্রস্ত হয়।
এর আগে বেলা ১১টা থেকেই বাস এবং ছোট ছোট ট্রাকে করে আওয়ামী লীগ, এর সহযোগী, ভ্রাতৃপ্রতিম ও সমমনা সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত প্রধানমন্ত্রীর চলার পথের দুই পাশে অবস্থান নিতে থাকেন। ১৪ দলের শরিকসহ সমমনা কয়েকটি দলেরও ব্যানার দেখা যায়।
রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ছাড়াও নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর এমনকি চাঁদপুর থেকেও বাস ভরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের আসতে দেখা যায়। এসব ট্রাক-বাসে নিজ নিজ এলাকার সাংসদ বা নেতার ছবিসংবলিত ব্যানার ছিল। ঢাকার অনেক কাউন্সিলর ও উঠতি নেতাদের ছবি দিয়ে পোস্টার ও ব্যানার প্রদর্শন করা হয়। যদিও কেন্দ্রীয়ভাবে প্রধানমন্ত্রী ছাড়া অন্য নেতাদের ছবি প্রদর্শন না করার পরামর্শ দেওয়া হয়েছিল।

গণভবনে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান লেখক সৈয়দ শামসুল হক, চিত্রশিল্পী হাশেম খান ও সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা l ছবি: পিআইডি
গণভবনে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান লেখক সৈয়দ শামসুল হক, চিত্রশিল্পী হাশেম খান ও সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা l ছবি: পিআইডি

সিলেটে নেতাদের সাক্ষাৎ: প্রথম আলোর সিলেট প্রতিনিধি জানান, ওসমানী বিমানবন্দরে প্রধানমন্ত্রী এক ঘণ্টা ৫ মিনিট অবস্থান করেন। এ সময় স্থানীয় নেতাদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।
বিমানবন্দর থেকে বেরিয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান বলেন, প্রধানমন্ত্রী তাঁদের বলেছেন, যে মুহূর্তে বিশ্বের কাছে বাংলাদেশের একটি সম্মানজনক অবস্থান তৈরি হয়েছে, সে মুহূর্তে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে একটি মহল বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অপচেষ্টা করছে। কিন্তু সরকার সেটা কঠোর হাতে দমন করছে।
মতবিনিময় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাংসদ ইমরান আহমদ, মাহমুদ উস সামাদ চৌধুরী ও আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এবং সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ উপস্থিত ছিলেন।