উৎসবমুখর পরিবেশে বই বিতরণ

দেশের অন্যান্য স্থানের মতো বৃহত্তর রাজশাহীর আট জেলার বিভিন্ন বিদ্যালয়ে গতকাল শুক্রবার উৎসবমুখর পরিবেশে নতুন বই বিতরণ করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: নগরের রামচন্দ্রপুরে অনন্যা শিশু শিক্ষালয়ে বইয়ের সঙ্গে শিশুদের মিষ্টিমুখ করানো হয়। আবার নগরের সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বইয়ের সঙ্গে শিশুদের কিছু উপহারসামগ্রী দেওয়া হয়। গতকাল বই বিতরণের দিনে শিশুদের এমন উৎসবমুখর পরিবেশে দেখা গেছে। এই হাসি-আনন্দ, উচ্ছ্বাস আর ছোটাছুটিতে ব্যস্ত ছিল রাজশাহী জেলার প্রায় সাড়ে ৪ লাখ শিশু।
সকাল সাড়ে নয়টায় রাজশাহী সরকারি বালিকা বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমদ, রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ্ উদ্দিন চৌধুরী, প্রাথমিক শিক্ষার রাজশাহী বিভাগীয় উপপরিচালক আবুল খায়ের, রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ও রাজশাহী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদ আরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী আঞ্চলিক শিক্ষা কার্যালয়ের উপপরিচালক শারমিন ফেরদৌস চৌধুরী।
জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয়ের ৪ লাখ ৪৫ হাজার ৪১৩ জন শিক্ষার্থীর মধ্যে ১৫ লাখ ৪৫ হাজার বই বিতরণ করা হয়েছে।
সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া ফেরদৌসী খানম বলেন, নতুন বই পেয়েই শিশুরা খুশি। তার সঙ্গে দিনটিকে শিশুদের কাছে আরও মজার করে তোলার জন্য তাঁরা কিছু উপহারসামগ্রীও দেন। এগুলো হচ্ছে টিফিন বক্স, খাতা-কলম ও আরও ছোটখাটো কিছু উপহার। অনন্যা শিশু শিক্ষালয়ের প্রধান শিক্ষক বুলবুল নাহার বলেন, বছরের শুরুটা সুন্দর করার জন্য তাঁরা বাচ্চাদের বই দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের পক্ষ থেকে মিষ্টিমুখ করার ব্যবস্থা করেন।
নগরের মেহেরচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে নতুন বই দেখতে চাইলে একসঙ্গে অর্ধশতাধিক শিশু তাদের বই উঁচিয়ে ধরে। একই দৃশ্য ছিল নগরের রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আর গ্রামের শিশুদের ছিল আলপথ ধরে নতুন বই নিয়ে বাড়ির দিকে দৌড় দেওয়ার প্রতিযোগিতা। এই দৃশ্য দেখা গেছে নগরের সোনাদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অনন্যা শিশু শিক্ষালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী বৃত্ত এবার প্রথম বই পেয়েছে। কেমন লাগছে জানতে চাইলে বৃত্ত ফিক করে হেসে দৌড় দেয়।
সিরাজগঞ্জ: ‘নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন’ স্লোগান সামনে রেখে সারা দেশের মতো সিরাজগঞ্জেও গতকাল নতুন বই বিতরণ উৎসব উদ্যাপন করা হয়েছে। বিভিন্ন সরকারি বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল সকাল থেকে এই বই বিতরণ শুরু করা হয়। সিরাজগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জেলা প্রশাসক বিল্লাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উৎসবের উদ্বোধন করেন। এ ছাড়া শহরের জ্ঞানদায়িনী উচ্চবিদ্যালয়, সবুজ কানন হাইস্কুল, হৈমবালা বালিকা বিদ্যালয় এবং ভিক্টোরিয়া হাইস্কুলসহ বিভিন্ন বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। এ বছর জেলায় মাধ্যমিক পর্যায়ে ৪৪ লাখ ও প্রাথমিক পর্যায়ে ২৩ লাখ বই বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ): উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত পাঠ্যপুস্তক বিতরণ উৎসব উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন। ইউপি চেয়ারম্যান ও নিমগাছি উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইয়াকুব হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী প্রমুখ।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার প্রাথমিক পর্যায়ে প্রায় ৫০ হাজার শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ও মাধ্যমিক পর্যায়ে প্রায় ২৫ হাজার শিক্ষার্থীর মাঝে সাড়ে ৪ লাখ পাঠ্যপুস্তক বিতরণ শুরু হয়েছে।
আক্কেলপুর (জয়পুরহাট): আক্কেলপুর ফজরউদ্দিন মডেল উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বই উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও গোলাম মো. শাহনেওয়াজ। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কমল, নবনির্বাচিত পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী, এমআর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোকছেদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম জিল্লুর রহমান, ফজরউদ্দিন মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম প্রমুখ।
শিবগঞ্জ (বগুড়া): শিবগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি ছিলেন এলাকার সাংসদ শরিফুল ইসলাম। ভারপ্রাপ্ত ইউএনও রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান বিউটি বেগম, নবনির্বাচিত মেয়র তৌহিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মোমিন মণ্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ, প্রধান শিক্ষক তাজুল ইসলাম প্রমুখ।