উৎসবমুখর পরিবেশে বই বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারাগঞ্জের জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল নতুন বই হাতে পেয়ে আনন্দে মেতে ওঠে l প্রথম আলো
তারাগঞ্জের জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল নতুন বই হাতে পেয়ে আনন্দে মেতে ওঠে l প্রথম আলো

উৎসবমুখর পরিবেশে সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় গতকাল রোববার শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এ বই পেয়েছে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সকালে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) খান মো. নুরুল আমিন। এ সময় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন উপস্থিত ছিলেন। কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক। জানা গেছে, জেলার নয় উপজেলার মাধ্যমিক ও মাদ্রাসাগুলোতে শতভাগ এবং প্রাথমিক বিদ্যালয়ে ৯৭ ভাগ বই বিতরণ করা হয়েছে।
দুপুর ১২টায় প্রথম আলো চর বিদ্যালয়ে বই উৎসব হয়। এতে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোবাশ্বের আলী, প্রথম আলো চর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন।
নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় চত্বরে মাধ্যমিক ও শহরের শাহীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। বই উৎসবের উদ্বোধন করেন ডিসি মো. জাকীর হোসেন। জেলার ৭ লাখ ৪৯ হাজার ৩৯৭ জন শিক্ষার্থী বই পেয়েছে।
এ দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বণিক, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ইউএনও শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন প্রমুখ।
সৈয়দপুরের নীলফামারী উপজেলার চেয়ারম্যান জাওয়াদুল হক বাঁশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গী লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে বই উৎসবের উদ্বোধন করেন। শহরের আল-ফারুক একাডেমিতে সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মাহবুবুল আলম শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. রেহানা ইয়াসমিন ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান হাবিব বলেন, ৬৭ হাজার ৬৫০ সেট বই বিতরণ করা হয়েছে। এদিকে দিনাজপুরের পার্বতীপুরে মার্ক রেসিডেন্সিয়াল স্কুলে বই বিতরণের উদ্বোধন করেন পার্বতীপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আতাউর রহমান। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজুরুল ইসলাম, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ। উপজেলার প্রায় পাঁচ লাখ ছাত্রছাত্রী বই পেয়েছে।
লালমনিরহাটের পাঁচটি উপজেলার ৪৫টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ১২ লাখ ৪০ হাজার ৮৪২টি নতুন বই বিতরণ করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় বই বিতরণ ও শিশু বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়িভাঙ্গা দরগার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রধান অতিথি ছিলেন ডিসি আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নবেজ উদ্দিন সরকার বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও আনন্দ স্কুল, এনজিও পরিচালিত বিদ্যালয়সহ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়েও নতুন পাঠ্যবই দেওয়া হয়।
দিনাজপুরের ডিসি মীর খায়রুল আলম গতকাল সদরের রাজারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন। ইউএনও মো. আবদুর রহমান সভাপতিত্ব করেন। জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ২১ লাখ ১০ হাজার বই বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।
রংপুরের তারাগঞ্জ উপজেলায় পাঠ্যবই উৎসবের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান। সকালে তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তিনি এর উদ্বোধন করেন। জানা গেছে, প্রাথমিক স্তরের ১৯ হাজার ৬৬১ জন ও মাধ্যমিক স্তরের ১৩ হাজার ৩২০ জন শিক্ষার্থীকে বই দেওয়া হয়। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা প্রশাসন পাইলট উচ্চবিদ্যালয়ে সকাল ১০টায় বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। সভাপতিত্ব করেন ইউএনও ইফতেখারুল ইসলাম খন্দকার। প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ ইমদাদুল হক।