উৎসবমুখর পরিবেশে বড়দিন উদ্যাপন
যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল রোববার পাবনা, নাটোর, কুড়িগ্রাম, নীলফামারী ও সিরাজগঞ্জে বড়দিন উদ্যাপিত হয়েছে। এসব জেলার বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনা, ধর্মবাণী পাঠ, কেক কাটা ও যিশুখ্রিষ্টের জন্ম ইতিহাসভিত্তিক ‘গোশালা’ তৈরিসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়।
এ ছাড়া দিনটি উপলক্ষে আলোকসজ্জাসহ নানাভাবে খ্রিষ্টান সম্প্রদায়ের বাড়িঘর সাজানো হয়।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পাবনা: পাবনা ব্যাপ্টিস্ট চার্চে সকাল নয়টায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে উৎসব শুরু হয়। প্রার্থনা পরিচালনা করেন পুরোহিত অ্যালবার্ট আশিস সরকার। এর বাইরে জেলার আতাইকুলা, চাটমোহর, ঈশ্বরদী, আটঘরিয়াসহ বিভিন্ন এলাকার আরও ১৯টি গির্জায় উৎসব পালিত হয়েছে। এর আগে শনিবার রাতে খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের বাড়িতে বাড়িতে নগরকীর্তন হয়।
কুড়িগ্রাম: সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পুরোনো স্টেশনপাড়া ও ভেলাকোপা এলাকায় পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরোনো স্টেশনপাড়ার রিভারভিউ হাইস্কুল মোড়ের গির্জায় প্রার্থনা পরিচালনা করেন ধর্মযাজক রে. ফোরকান আল মসরি। ভেলাকোপায় হায়ফত আলীর বাড়িতে অপর প্রার্থনা সভায় ৪৫টি পরিবারের সদস্যরা অংশ নেন।
নাটোর: বড়াইগ্রামের ছোট-বড় ১০টি ধর্মপল্লিতে উৎসবের আয়োজন করা হয়। সকাল সাতটায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে উৎসব শুরু হয়। বনপাড়া কেন্দ্রীয় গির্জায় পাল-পুরোহিত ফাদার বিকাশ হিউবার্ট রিবেরু ও ফাদার নবীন পিউস কস্তা প্রার্থনা পরিচালনা করেন। জোনাইল গির্জায় ফাদার সুব্রত পিউরিফিকেশন, ভবানীপুরে ফাদার যোশেফ মিস্ত্রি, রাজাপুরে ফাদার লিটন প্রধান প্রার্থনা পরিচালনা করেন। নাটোর-৪ আসনের সাংসদ আবদুল কুদ্দুস, বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ধর্মপল্লি পরিদর্শন করেন।
সিরাজগঞ্জ: তাড়াশ উপজেলার গুলটা বাজারে অবস্থিত আভে মারীয়া ধর্মপল্লিতে সকালে প্রার্থনার মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এরপর এক আলোচনা সভায় অংশ নেন মিশন ইনচার্জ ফাদার কার্লো বুদজী পিমে, সহকারী ফাদার স্বপন পিউরিফিকেশন প্রমুখ। অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নীলফামারী: জেলার বিভিন্ন উপজেলার ১০২টি গির্জায় উৎসব পালিত হয়েছে। শহরের অদূরে ডেনিশ বাংলাদেশ লেপ্রসি মিশন চত্বরে নটখানা লুথারান গির্জায় সকালে প্রার্থনা অনুষ্ঠান হয়। পরে আলোচনা সভা, প্রীতিভোজ, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সৈয়দপুর (নীলফামারী): শহরের সাহেবপাড়ায় অবস্থিত দুটি গির্জায় সকাল আটটায় উৎসব শুরু হয়। রোমান ক্যাথলিক গির্জায় ফাদার মার্কুস মুর্মু প্রার্থনা পরিচালনা করেন। পরে চ্যারিটি শোর আয়োজন করে পুরস্কারের ব্যবস্থা করা হয়।