উৎসবমুখর পরিবেশে ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটকেন্দ্রে নেই পুলিশ, নেই আনসার বাহিনী। কেন্দ্রগুলোতে বহিরাগতদের আনাগোনাও নেই। নির্বাচনের জন্য প্রার্থীদের কোনো টাকা ব্যয় করতে হয়নি। লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে ভোটাররা।

গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহের ৩১৬টি মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, সবকিছু করেছে শিক্ষার্থীরা। তারাই প্রিসাইডিং কর্মকর্তা, তারাই পোলিং কর্মকর্তা। ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বও তারা সামলেছে। কোনো গোলমাল ছাড়াই শেষ হয়েছে এই নির্বাচন। ফলাফল ঘোষণার পর কোথাও কোথাও রং খেলা হয়েছে।

সরেজমিনে কোটচাঁদপুর উপজেলার এন কে আর পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বেলা ১১টায় দেখা যায়, বিদ্যালয়জুড়ে হাতে লেখা পোস্টার ঝোলানো রয়েছে। প্রার্থীরা ভোটারদের কাছে ভোট চাইছে। একসঙ্গে একাধিক প্রার্থী ঘুরে বেড়াচ্ছে। কেন্দ্রে চলছে ভোট গ্রহণ।

কালীগঞ্জ উপজেলার বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদ বলেন, তাঁদের বিদ্যালয়ে ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোটের মাধ্যমে আটজন সদস্য নির্বাচিত হয়েছে। ভোট শেষে বিজয়ী প্রার্থীরা আনন্দ প্রকাশ করেছে।

চুয়াডাঙ্গার ১৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে ছাত্র পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত জেলার ১২৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৭টি মাদ্রাসায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মাহমুদ আল আরাফাত বলে, ‘১৮ বছর বয়স না হলে ভোটার হওয়া ও ভোট দেওয়া যায় না। কিন্তু ছাত্র পরিষদ নির্বাচনের কারণে মাত্র ১২ বছর বয়সেই ভোট দিতে পারলাম। জীবনে প্রথম ভোট দেওয়ার অনুভূতিটাই অন্য রকম।’

সরকারি বালিকা বিদ্যালয়ের ভোট গ্রহণের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার দশম শ্রেণির ছাত্রী দিল নুসরাত জাহান। কমিশনার হিসেবে তাকে সহযোগিতা করে দশম শ্রেণির সাবরিনা আক্তার ও নবম শ্রেণির নোশিন তানজুম।

এই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মারিয়াম হৃদিতা দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

দিল নুসরাত জাহান বলে, ‘ছোট্ট বয়সে ভোট গ্রহণের বড় দায়িত্ব পালন করলাম। সিইসি হিসেবে একটি অবাধ ও নিরপেক্ষ ভোট উপহার দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।’ এক প্রশ্নের উত্তরে নুসরাত বলে, ‘এবার লক্ষ্য পড়াশোনা। যদি কখনো দেশের প্রধান নির্বাচন কমিশনার হতে পারি, তাহলে এমনই সুন্দর ভোট উপহার দিতে পারব।’

এদিকে রাজবাড়ী জেলার ১৪৮টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৫২টি মাদ্রাসায় ভোট গ্রহণ করা হয়। একটানা ভোট গ্রহণ করা হয় বেলা দুইটা পর্যন্ত।

সকাল সাড়ে নয়টার দিকে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে ভোট গ্রহণ চলছে। কেউ কেউ ভোট দিয়ে ক্যাম্পাসে আড্ডা দিচ্ছে। প্রার্থীরা সহপাঠীদের সঙ্গে ভোট চাইছে। প্রার্থী রাইয়ান মোবাশ্বিরা ও কুইন বলে, ‘ভয় লাগছে আবার মজাও পাচ্ছি। সব মিলিয়ে খুব ভালো সময় পার করছি। তবে ফলাফল যাই হোক, মেনে নেব। সবাই খুব ভালো।’

প্রধান নির্বাচন কমিশনার দশম শ্রেণির শিক্ষার্থী নাফিশা নুশরাত বলে, ‘আমরা নির্বাচন সফল করার জন্য সবাই কাজ করেছি। সবাইকে নিয়ে একটি ভালো নির্বাচন উপহার দিতে পেরে খুব ভালো লাগছে।’

[প্রতিবেদন ৈতরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ এবং চুয়াডাঙ্গা ও রাজবাড়ী প্রতিনিধ]