ভোটার, প্রার্থী, নির্বাচন কমিশনার—সবাই শিক্ষার্থী। প্রিসাইডিং কর্মকর্তা ভোট নিচ্ছে। ছাত্রছাত্রীরা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। শিক্ষার্থীদের মাঝে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করার একটি উদ্যোগ এই ছাত্র পরিষদ নির্বাচন।
ঝালকাঠিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো ছাত্র পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আটটি পদে নেতৃত্ব নির্বাচন করা হয়। এগুলো হলো পরিবেশ সংরক্ষণ; পুস্তক ও শিখনসামগ্রী; স্বাস্থ্য; ক্রীড়া, সংস্কৃতি ও সহপাঠ; পানিসম্পদ; বৃক্ষরোপণ ও বাগান; দিবস অনুষ্ঠান উদ্যাপন এবং আইসিটি।
এই আটটি পদে ঝালকাঠি সরকারি বালক উচ্চবিদ্যালয় ও হরৎচন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের প্রভাতি ও দিবা শাখায় নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রভাতি শাখায় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বেলা ১১টায় শেষ হয়। দিবা শাখায় বেলা ১১টায় ভোট গ্রহণ শুরু হয়ে ২টায় শেষ হয়। বালক বিদ্যালয়ের দুটি শাখায় প্রায় ১ হাজার ১০০ ভোটারের মধ্যে ৮০০ ছাত্র তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। বালিকা বিদ্যালয়ের দুটি শাখায় সহস্রাধিক ছাত্রী তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
ঝালকাঠি সরকারি বালক উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মেরাজ আহমেদ ভোট দিয়ে তার প্রতিক্রিয়ায় বলে, ‘কীভাবে জাতীয় নির্বাচনে ভোট দিতে হয়, তা এখান থেকে শিক্ষা পাচ্ছি।’
হরৎচন্দ্র সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সর্বাধিক ভোটে নির্বাচিত সদস্য নিশাত তাবাছছুম বলে, ‘আমি নির্বাচিত হয়ে স্কুলে শান্তিশৃঙ্খলা বজায় রেখে সকল উন্নয়নকাজে সহযোগী হতে চাই।’
প্রভাতি শাখার নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা আফরোজা আক্তার বলে, এই নির্বাচন ভবিষ্যৎ নারী নেতৃত্ব তৈরিতে সহায়ক হবে।
এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ সাহা বলেন, গত নির্বাচিত পর্ষদের ছাত্রীরা ক্যানসারে আক্রান্ত শেফার সাহায্যার্থে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা ছাত্রীদের কাছ থেকে উত্তোলন করেছে। দেশ গঠনে এই নির্বাচন সরকারের একটি ভালো উদ্যোগ।
ঝালকাঠি ভারপ্রাপ্ত জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, জেলার ২৫৬টি বিদ্যালয়ে গতকাল ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ছাত্র পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।
এদিকে ফরিদপুরের ২২১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫৪টি মাদ্রাসাসহ মোট ২৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রতিটি বিদ্যালয়ে সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শেষ হয় বেলা ২টায়।
এ নির্বাচনে প্রতিটি বিদ্যালয়ে আট সদস্যবিশিষ্ট ছাত্র পরিষদ নির্বাচিত হয়েছে। যেসব বিদ্যালয়ে প্রভাতি ও দিবা নামে দুটি শাখা রয়েছে সেসব বিদ্যালয়ে মোট ১৬ জন সদস্য নির্বাচিত হয়েছে।
নির্বাচিত ছাত্র পরিষদ সদস্যরা বিদ্যালয়ে ৮টি বিষয়ে দায়িত্ব পালন করবে। পালনীয় দায়িত্বের মধ্যে রয়েছে বিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণ, পুস্তক এবং শিখনসামগ্রী রক্ষণাবেক্ষণ, স্বাস্থ্য, ক্রীড়া ও সাংস্কৃতিক এবং সহপাঠ কার্যক্রম, বৃক্ষরোপণ ও বাগান তৈরি, দিবস ও অনুষ্ঠান উদ্যাপন এবং অভ্যর্থনা ও আপ্যায়ন, আইসিটি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মণ্ডল প্রথম আলোকে বলেন, জেলার মোট ২৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল একসঙ্গে শান্তিপূর্ণ পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।