উৎসবমুখর পরিবেশে ভোট

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে গতকাল বৃহস্পতিবার দেশের প্রায় ২২ হাজার মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র পরিষদ নির্বাচন হয়েছে। শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত একটানা ভোট দেয়।
শিক্ষার্থীদের মধ্যে শিশুকাল থেকেই গণতন্ত্রের চর্চা, পরমতসহিষ্ণুতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তুলতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত বছর থেকে এ নির্বাচন হচ্ছে। ভোটে শিক্ষার্থীরাই প্রার্থী ও ভোটার। তারাই নির্বাচন কর্মকর্তাসহ সব দায়িত্ব পালন করে।
ময়মনসিংহ শহরের জিলা স্কুল, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, প্রিমিয়ার আইডিয়াল স্কুলসহ জেলার ১৩৬টি বিদ্যালয়ে ভোট নেওয়া হয়। বিদ্যালয়ের প্রতিটি শাখায় আট সদস্যের একটি করে পরিষদ নির্বাচন করা হয়। এ পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তে একজনকে পরিষদ প্রধান বা প্রধানমন্ত্রী করা হবে। পরিষদের সদস্যরা বিদ্যালয় পরিচ্ছন্ন রাখা, শিক্ষা উপকরণ বণ্টনসহ সার্বিক কাজে নিয়োজিত থাকবে।
বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার বলেন, এ নির্বাচন দেশে ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টিতে ভূমিকা রাখবে।

শেরপুরে ১৮১টি বিদ্যালয়ে ভোট নেওয়া হয়। দুপুরে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমিতে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা সারি বেঁধে সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছে। নির্বাচনে ষষ্ঠ থেকে দশম শ্রেণির দিবা ও প্রভাতি শাখায় আটটি করে ১৬টি পদের বিপরীতে যথাক্রমে ১৯ জন ও ২১ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী হাসিব বিন মোস্তাকিম বলে, ‘জীবনে প্রথম ভোট দিলাম। ভালো লাগছে।’
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রায়হানা আক্তার বেগম বলেন, শিক্ষার্থী ঝরে পড়া রোধ, অভিভাবকদের সম্পৃক্তকরণ ও বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে ছাত্র পরিষদ কাজ করবে।
নেত্রকোনায় ৩৫৬টি বিদ্যালয়ে নির্বাচন হয়েছে। এর মধ্যে ২৬৬টি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং ৯০টি মাদ্রাসা রয়েছে। শহরের আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, নির্বাচনের সব আয়োজনই করছে শিক্ষার্থীরা।
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অর্ক দে, সপ্তম শ্রেণির আশফিক রায়হান ও জাহাঙ্গীর হোসেন বলে, ভোট দিতে পেরে তারা খুব আনন্দিত।
সহকারী শিক্ষক বিমল তালুকদার বলেন, স্কুলজীবন থেকেই শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্রচর্চা ও নৈতিক মূল্যবোধ অর্জনের লক্ষ্যে এ নির্বাচন হচ্ছে।
টাঙ্গাইলের সখীপুরে ৪৬টি উচ্চবিদ্যালয় ও ২১টি দাখিল মাদ্রাসায় নির্বাচন হয়। সখীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের নির্বাচন কমিশনার ও দশম শ্রেণির শিক্ষার্থী অপর্ণা হক বলে, ‘আমাদের বিদ্যালয়ে পাঁচটি বুথে ১ হাজার ৮৫ জন শিক্ষার্থী ভোট দেয়। কারও অভিযোগ ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৭০টি বিদ্যালয়ে ভোট হয়। সকাল ১০টায় শহরের ছালেমা খাতুন উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা সার বেঁধে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে।
নির্বাচন কমিশনার ও দশম শ্রেণির শিক্ষার্থী তাসলিমা ইসলাম বলে, উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক বলেন, ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬০ হাজার শিক্ষার্থী ছাত্র পরিষদ নির্বাচনে ভোট দেয়।
[প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন ময়মনসিংহ অফিস এবং শেরপুর, নেত্রকোনা, সখীপুর (টাঙ্গাইল) ও সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি]