উৎসবমুখর পরিবেশে ‘খাদ্যেই শক্তি, কৃষিতেই মুক্তি’ স্লোগানে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গৌরবের সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। এ দিন বিশ্ববিদ্যালয় ৫০ বছর পূর্ণ করে ৫১ বছরে পা দেয়। সুবর্ণজয়ন্তী উৎসব পালন উপলক্ষে গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ‘৫০ বছরে বাকৃবির অর্জন ও প্রত্যাশা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং উপাচার্য অধ্যাপক মো. রফিকুল হকের পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সাংসদ মতিউর রহমান ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাকৃবির কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক মঞ্জুরুল আলম। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সাংবাদিক সমিতির উদ্যোগে ফিচার প্রদর্শনী, বৃক্ষরোপণ, কৃষক সমাবেশ ও গাছের চারা বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ, গবাদিপশুর অ্যানথ্রাক্স ভ্যাক্সিনেশন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত প্রার্থনা প্রভৃতি।