উৎসবমুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন
স্কুলজীবন থেকেই শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্রচর্চার অভ্যাসসহ সাতটি সুনির্দিষ্ট লক্ষ্য ও মূল্যবোধ অর্জনে দেশের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন হয়েছে। প্রার্থী মনোনয়ন, নির্বাচন পরিচালনা, ভোট গ্রহণ ও ফল ঘোষণার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করে শিক্ষার্থীরা।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় গতকাল সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত ১২টি বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলে।
সুখাতী বহুমুখী উচ্চ বিদ্যানিকেতনে গিয়ে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে ভোট চলছে। সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত পর্যবেক্ষক দল নির্বাচন পর্যবেক্ষণ করে। নির্বাচনে ভোট দিতে পেরে ভীষণ খুশি সপ্তম শ্রেণির শিক্ষার্থী মুক্তা বেগম ও লাকী বেগম। তারা বলে, ভোট দিয়ে খুব আনন্দ পেয়েছি।
প্রধান শিক্ষক আবদুল হাকিম বলেন, নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চেতনাবোধ জাগ্রত হবে। তারা ভবিষ্যতে সৎ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল হক বলেন, উপজেলার ১০৮টি বিদ্যালয় ও মাদ্রাসায় একযোগে স্টুডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ৯৬টি শিক্ষাপ্রতিষ্ঠান বাছাই-প্রক্রিয়ায় তা সম্পন্ন করে।
সৈয়দপুর (নীলফামারী): দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৬০টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৭টি দাখিল মাদ্রাসায় গতকাল সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেওয়া হয়। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম, নবম ও দশম শ্রেণি থেকে দুজন করে এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণি থেকে একজন করে প্রতিনিধি স্টুডেন্ট কেবিনেটের সদস্য নির্বাচিত হয়েছে।
হলদীবাড়ী মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আবু এহিয়া কুসুম বলেন, তাঁর প্রতিষ্ঠানে ৪২৫ জন ছাত্রছাত্রী ভোটাধিকার প্রয়োগ করে।
পার্বতীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মণ্ডল বলেন, গণতন্ত্রের চর্চাসহ সাতটি লক্ষ্য ও মূল্যবোধ অর্জনে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্য এ নির্বাচন হয়।
বিরামপুর (দিনাজপুর): দিনাজপুর জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ৫৩০টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩০১টি মাদ্রাসার মধ্যে গতকাল প্রথম পর্যায়ে ৫১২টি বিদ্যালয় ও ১৭৬টি মাদ্রাসায় ভোট হয়েছে। সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত আনন্দ-উৎসবের মধ্য দিয়ে এ ভোট নেওয়া হয়।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, শিক্ষা বয়স থেকেই গণতন্ত্রের চর্চা, পরমত সহিষ্ণুতা, শতভাগ ছাত্রছাত্রীর ভর্তি এবং ঝরে পড়া রোধের উদ্দেশ্য নিয়ে দেশের সব মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় স্টুডেন্ট কেবিনেটের প্রথম দফার নির্বাচনে ভোট নেওয়া হয়েছে।
ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আটজন প্রতিনিধির সমন্বয়ে এক বছরের জন্য কেবিনেট গঠিত হবে। কেবিনেটের কর্মপরিধির মধ্যে রয়েছে পরিবেশ সংরক্ষণ, পুস্তক ও শিখনসামগ্রী বিতরণ, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি, পানিসম্পদ, বৃক্ষরোপণ ও বাগান তৈরি দিবস পালন, অনুষ্ঠান সম্পাদন, অভ্যর্থনা, আপ্যায়ন ও আইসিটি পরিচালনা।