উৎসবমুখর পরিবেশে হয়ে গেল প্রথম সমাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গতকাল রোববার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে নির্মিত প্যাভিলিয়নে ৪৯৫ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর সনদ দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন অনুষদের ১১টি ব্যাচের প্রথম স্থান অধিকারী ১১ জন স্নাতক ডিগ্রিধারীকে স্বর্ণপদক দেওয়া হয়েছে।সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড ও একাডেমিক কাউন্সিলের সদস্যরা সমাবর্তন শোভাযাত্রা নিয়ে প্যাভিলিয়নে প্রবেশ করেন। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মনোনীত প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সমাবর্তনের আনুষ্ঠানিক উদ্বোধন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার মূল উদ্দেশ্য হলো কুসংস্কারমুক্ত, অসাম্প্রদায়িক, সৃজনশীল দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। একই সঙ্গে উচ্চশিক্ষার উদ্দেশ্য হবে বিশ্বমানের জ্ঞানসঞ্চার, নতুন জ্ঞানের উদ্ভাবন এবং দক্ষ জনশক্তি গড়ে তোলা। শিক্ষার্থীদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন ব্যক্তিত্ব এবং নেতৃত্বের গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’ অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেন প্রমুখ বক্তৃতা করেন। প্রথম সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য সাংসদ শওকত মোমেন শাহজাহান ও ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিচালক বিমল কৃষ্ণ মজুমদার, রিজেন্ট বোর্ডের সাবেক সদস্য মো. হানিফ, বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ, পুলিশ সুপার মো. আজাদ মিয়া, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইসমাইল হোসেন মৃধা, সাধারণ সম্পাদক খান মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।