
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দ্বিতীয় দফায় ময়মনসিংহের দুটি উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন কেন্দ্র ঘুরে ভ্যাপসা গরমের মধ্যেও ভোটারদের বিপুল উপস্থিতি দেখা গেছে।
তবে প্রথমবারের মতো অনুষ্ঠিত দলীয় প্রতীকের এই নির্বাচনে মাঠে বিএনপির নেতা-কর্মীদের তৎপরতা খুব একটা চোখে পড়েনি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছিলেন সরব। গতকাল ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ছয়টি ইউনিয়নের ১০টি কেন্দ্র ঘুরে একই ধরনের চিত্র দেখা গেছে। সকাল সাড়ে আটটার দিকে ডৌহাখলা ইউনিয়নের ঝাউগাই আলীম উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারদের দীর্ঘ সারি। নারী ভোটারের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি। কেন্দ্রের আশপাশে উৎসবমুখর পরিবেশ। চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীদের সমর্থকেরা প্রতীকসংবলিত ব্যাচ বুকে নিয়ে ভোটারদের ভোটার নম্বর খুঁজে দিচ্ছেন। খোঁজখবর করছেন। কিন্তু বিএনপির ধানের শীষ প্রতীকের ব্যাচ পরা কাউকে চোখে পড়েনি। কেন্দ্রের ভেতরে গিয়ে বিএনপির প্রার্থীর পোলিং এজেন্টও পাওয়া যায়নি।
প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহজাহান বলেন, ধানের শীষের এজেন্ট কেন্দ্রে আসেননি। এর পাশের আরেকটি কেন্দ্র মরিচালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েও ভোটারদের লম্বা সারি দেখা যায়। এখানে অবশ্য বিএনপির প্রার্থীর এজেন্ট ছিলেন। কিন্তু বাইরে আওয়ামী লীগ বা অন্য প্রার্থীর সমর্থকদের যে পরিমাণ তৎপরতা দেখা গেছে, বিএনপির নেতা-কর্মীদের সে রকম কোনো তৎপরতা দেখা যায়নি।
জানতে চাইলে ডৌহাখলা ইউনিয়ন বিএনপির প্রার্থী আবুল হাশিম সাত্তার মণ্ডল অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের হুমকির মুখে তাঁর এজেন্টরা ওই কেন্দ্রে যাননি। অন্য কেন্দ্রগুলোতে এজেন্ট ছিলেন। তবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভয়ভীতি দেখানোয় বিএনপির কর্মীরা সেভাবে মাঠে থাকতে পারেননি। বিএনপির আরও কয়েকজন প্রার্থীও অভিযোগ করেন, ভয়ভীতির কারণে নেতা-কর্মীরা মাঠে থাকতে পারেননি।
বোকাইনগর, অচিন্তপুর, সহনাটি ও মাওহা ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র ঘুরে একই চিত্র দেখা গেল। ভোটকেন্দ্রগুলোকে ঘিরে বেশি সক্রিয় দেখা গেছে আওয়ামী লীগের প্রার্থী ও সদস্য পদপ্রার্থীদের সমর্থকদের। কোনো কোনো কেন্দ্রে বেলা তিনটার পরও ভোটারদের সারিতে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। পুলিশ জানায়, গৌরীপুর সদর ইউনিয়নের হিম্মতনগর ও হাটশিরা কেন্দ্র থেকে জাল ভোট দেওয়ার অভিযোগে দুজনকে আটক করা হয়।
বোকাইনগর ইউনিয়নের বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম খান অভিযোগ করেন, ইউনিয়নের দাড়িয়াপুর ও মাহমুদনগর কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী হাবিব উল্লার সমর্থকেরা জোর করে নৌকা প্রতীকে সিল মারেন। তবে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা নুর ইসলাম বলেন, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কেন্দ্রে সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে ভোট গ্রহণ হয়েছে। এদিকে দাড়িয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাছার উচ্চবিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্রে ধীরগতিতে ভোট নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভোটাররা। গরমের মধ্যে সারিতে দাঁড়িয়ে থাকা নয়ন মিয়া, রোকসানা আক্তার, রহিমা বেগমদের অভিযোগ, তাঁরা দুই ঘণ্টার বেশি সময় ধরে সারিতে দাঁড়িয়ে। ভোট নেওয়া হচ্ছে ধীরগতিতে।
শাহগঞ্জ বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকা অনেকেই ক্ষুব্ধ। তাঁদের একজন নাজমা আক্তার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, ‘এজেন্ট দিছে হুদাই, আইছে বাতাস খাইত। আটটার সময় আইছি।’
পাছার উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আলীম মো. হুসাইন বলেন, নারী ভোটাররা ভোট দিতে একটু বেশি সময় নেন। উপস্থিতিও বেশি। এ কারণে নারী ভোটারদের সারি একটু ধীরগতিতে এগোচ্ছে।