উৎসবমুখর রিকশা দৌড় প্রতিযোগিতা
সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উৎসবমুখর পরিবেশ। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা উৎসুক মানুষের ভিড়। ছিল বিপুলসংখ্যক বিদেশিরও উপস্থিতি।গতকাল শুক্রবার সেখানে বসেছিল ব্যতিক্রমধর্মী রিকশা দৌড় উৎসব। ‘প্রমোট বাংলাদেশ’ স্লোগান নিয়ে ‘ঢাকা রিকশা ফিয়েস্তা-২০১৩’ নামে এ আয়োজনে সার্বিক সহায়তায় ছিল বাংলাদেশে-জাপান দূতাবাস ও জাপান আন্তর্জাতিক সাহায্য সংস্থা জাইকা। আয়োজনে সহযোগিতা করে আকিজ ফুড অ্যান্ড বেভারেজের কোমল পানীয় মোজো।সকাল নয়টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান মোল্লা এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাপরিচালক কর্নেল (অব.) এম ওলিউল্লাহ ও আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দিন আহমেদ। বক্তারা বললেন, রিকশা দেশের সংস্কৃতির সঙ্গে মিশে আছে ওতপ্রোতভাবে। এ সংস্কৃতিকে বিশ্বের কাছে উপস্থাপন করতে হবে। এতে দেশের পর্যটন ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক ভাবমূর্তি তৈরি হবে। এ সময় উপস্থিত ছিলেন আয়োজনের মূল উদ্যোক্তা জাপানপ্রবাসী বাংলাদেশি চিত্রকর সলিমুল্লাহ কাজল ও জাপানি চলচিত্র পরিচালক সেসিলিয়া আমি কিতাজিমা। উদ্বোধন শেষে সকাল সোয়া নয়টায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয় রিকশা দৌড় প্রতিযোগিতা। পরে রাজধানীর ফার্মগেট, বাংলামোটর, শাহবাগ, মৎস্য ভবন, পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড, ঢাকেশ্বরী মন্দির, আজিমপুর, নিউমার্কেট, ধানমন্ডি ও কলাবাগান হয়ে সকাল সাড়ে ১০টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে এসে শেষ হয়। রিলে রেসের আদলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ২১টি রিকশা ও ৮৪ জন চালক প্রতিযোগী অংশ নেন। প্রতিটি রিকশায় চারজন প্রতিযোগী ধাপে ধাপে রিকশা চালান। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন আব্দুর রহিম, আজহার আলী, মো. মাহবুব মীর, মো. লাভলু। পরে বিকেল পাঁচটায় মানিক মিয়া অ্যাভিনিউসংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রথম স্থান অধিকারী চারজনকে দেওয়া হয় এক লাখ টাকা। দ্বিতীয় স্থান অধিকারী চারজন ৫০ হাজার টাকা, তৃতীয় স্থান ৩০ হাজার টাকা পুরস্কার পেয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান ও বাংলাদেশে জাপানি রাষ্ট্রদূত শিরো সেডোশিমা ও বাংলাদেশে জাইকার প্রধান নির্বাহী তাকাও টোডা।প্রথম স্থান অধিকারী দলের দলনেতা আবদুর রহিম বললেন, ‘ঢাহাতে ছয় বছর ধইরা রিকশা চালাইছি। কিন্তু এত টাহা এক লগে পাই নাই। এইগুলা দিয়া গাঁয়ে জমি কিনমু। আর মাইয়া দুইডারে পড়তে পাঠামু।’ প্রতিযোগিতার উদ্যোক্তা সলিমুল্লাহ কাজল বললেন, রিকশার সঙ্গে জাপানের সম্পর্ক অনেক পুরোনো। একসময় জাপানের রাস্তাতেও রিকশা চলতে দেখা যেত। তবে বর্তমানে জাপানে রিকশা দেখা যায় না। তাই দেশের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতেই এ পরিকল্পনা।