উৎসবমুখরতায় সুরমায় নৌকাবাইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে সুরমা নদীর ওপর ঐতিহ্যবাহী কিন ব্রিজে মানুষ আর মানুষ। নানা বয়সী মানুষের উন্মুখ দৃষ্টি সুরমার জলধারায়। নদীতে নানা সাজে সজ্জিত সারি সারি নৌকা প্রতিযোগিতায় নামলে মনোবল জোগাতে দর্শকেরা গেয়ে ওঠেন শাহ আবদুল করিমের সেই সারি গান—‘ঝিলমিল ঝিলমিল করে রে/ ময়ূরপঙ্খি নায়...।’ এ রকমই উৎসবমুখরতায় গতকাল রোববার বিকেলে সুরমা নদীতে হয়ে গেল বিভাগীয় নৌকাবাইচ।মুঠোফোন কোম্পানি বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় নৌকাবাইচের স্থানীয় আয়োজক সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রোইং ফেডারেশন। বিভাগের চার জেলা থেকে ২৫টি দল অংশ নেয় নৌকাবাইচে। দুটো ভাগে বিভক্ত করে বিকেল তিনটায় শুরু হয় প্রতিযোগিতা।কিন ব্রিজের উজানে প্রায় দেড় কিলোমিটার দূরে সুরমা নদীতে হজরত শাহজালাল (রহ.) দ্বিতীয় সেতু থেকে নৌকাবাইচ শুরু হয়। এ সময় কিন ব্রিজ ছাড়াও সুরমার উভয় তীরের অন্তত তিন কিলোমিটার এলাকায় মানুষের ঢল নামে। দর্শকদের কেউ কেউ কিন ব্রিজের ঝুঁকিপূর্ণ অংশে ঝুলে থেকে এবং অনেকে নৌকা ভাড়া করে কাছে গিয়ে প্রতিযোগিতা উপভোগ করেন। নৌকাবাইচ শেষে বিকাল সাড়ে পাঁচটায় শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি হিসেবে সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলালিংক সিলেটের রিজিওনাল কমার্শিয়াল হেড (ভারপ্রাপ্ত) এস কে নূর-উল-আলম, বাংলাদেশ রোইং ফেডারেশনের সহসভাপতি খুরশেদ আলম উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহানগর পুলিশ কমিশনার আফতাবউদ্দিন আহমেদ। মেয়র বদরউদ্দিন আহমদ তাঁর বক্তব্যে শাহ আবদুল করিমকে স্মরণ করে বলেন, ‘বাউলসম্রাটের গান ছাড়া কোথাও নৌকাবাইচ জমে ওঠে না। আজকের এই আনন্দঘন সময়ে আমরা তাঁকে স্মরণ করছি।’ এ কথা বলেই মেয়র ‘কোন মেস্তরি নাও বানাইল/ কেমন দেখা যায়/ ঝিলমিল ঝিলমিল করে রে/ ময়ূরপঙ্খি নায়...’ গেয়ে শোনান। সাধারণ নৌকা ও ‘গাছ’ (লম্বা) নৌকা—এ দুটো ভাগে প্রতিযোগিতায় সাধারণ নৌকাবাইচে প্রথম হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শায়েস্তা মিয়ার দল, দ্বিতীয় একই উপজেলার মকবুল আলী ও কমরউদ্দিনের দল তৃতীয় স্থান লাভ করে। ‘গাছ’ নৌকা বিভাগে প্রথম হয় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হরমুজ আলীর দল। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শাহ ছোট মিয়ার দল দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে শাল্লা উপজেলার ফুলবাঁশীর দল। পুরস্কার হিসেবে প্রতি দলকে রঙিন টেলিভিশন দেওয়া হয়।