উৎসবহীন হাওরে নারী ভোটার ছিল বেশি
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হাওরের বোরো ধান তলিয়ে গেছে। এবার তাই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে সুনামগঞ্জে ছিল না উৎসবের আমেজ। তিন উপজেলার ২৬টি ইউনিয়নে গতকাল শনিবারের ভোটে ভোটারের উপস্থিতিও ছিল কম। তবে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দিন শেষে কোনো রকম গোলযোগ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন।
হাওর অধ্যুষিত সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ ও দোয়ারাবাজার—এই তিন উপজেলার ২৬টি ইউনিয়নের ২৯টি কেন্দ্র ঘুরে এই চিত্র চোখে পড়েছে। গত শুক্রবার রাতে থেমে থেমে বৃষ্টি হলেও গতকাল সারা দিন রৌদ্রকরোজ্জ্বল ছিল সুনামগঞ্জের আকাশ।
সকাল সাড়ে ১০টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস উজানীগাঁও উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটকক্ষের সামনে নারী ভোটারদের দীর্ঘ সারি। সেই তুলনায় পুরুষদের সারিতে লোকজন হাতে গোনা।
সারিতে দাঁড়ানো উজানীগাঁও গ্রামের গৃহিণী মাজেদা বেগম বলেন, বাড়ির পুরুষেরা সকালে হাওরে ধান কাটতে গেছেন। তাই ঘরের নারীরা এসেছেন ভোটে। তাহলে পুরুষেরা কি ভোট দেবেন না? এই প্রশ্নের উত্তরে মাজেদা বেগম বলেন, ‘আইবা, দুপুরের খাবার খাওয়ার পরে বিকেলে আইবা।’
সদর উপজেলার কাঠইর ইউনিয়নের কাঠইর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর পৌনে ১২টা পর্যন্ত ১ হাজার ৫৪ ভোটের মধ্যে ৮০০ ভোট পড়েছে। প্রিসাইডিং কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানালেন, মানুষ হাওরে ধান কাটায় ব্যস্ত। তার ওপর যানবাহন মিলছে না। তাই ভোটার কম আসছেন। তবে বিকেলের দিকে ভোটার বাড়বে বলে আশা করেন তিনি। এই কেন্দ্রে দেখা হয় বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল ইসলামের সঙ্গে। ভোটের পরিস্থিতি ভালো জানিয়ে কামরুল বলেন, ‘মানুষ আসলে ফসল নিয়ে ব্যস্ত। এ কারণে উপস্থিতি কিছুটা কম।’
দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ি উচ্চবিদ্যালয় কেন্দ্রে বেলা পৌনে দুইটায় গিয়ে কেন্দ্রের বাইরে লোকজনের উপস্থিতি চোখে পড়ল। কিন্তু ভেতরে গিয়ে ভোটারদের দেখা মিলল না। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সৈয়দ আহমদ বললেন, ২ হাজার ৩৭০ ভোটের মধ্যে তখন পর্যন্ত ভোট পড়েছে ১ হাজার ৪৩০টি। কেন্দ্র থেকে ভোট দিয়ে বের হওয়ার সময় স্থানীয় জগাইরগাঁও গ্রামের আবদুল আলী বলেন, তিনি নিজেও সকালে হাওরে গিয়েছিলেন ধান কাটতে। ভোট দেওয়ার জন্য এসেছেন। এখন আবার হাওরে চলে যাবেন।
ভোট গ্রহণ শেষ হওয়ার পর সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, ‘এই সময় হাওরের ফসল নিয়ে মানুষের ব্যস্ততা থাকে। সকালের দিকে আমিও যেসব কেন্দ্রে ঘুরেছি সবখানেই নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।’