উৎসবে-আনন্দে চট্টগ্রামে বড়দিন উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড়দিন উদযাপন করছেন খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষেরা। ছবিটি আজ চট্টগ্রামের পাথরঘাটা গির্জা থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম
বড়দিন উদযাপন করছেন খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষেরা। ছবিটি আজ চট্টগ্রামের পাথরঘাটা গির্জা থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

উৎ​সব-আনন্দ আয়োজন আর প্রার্থনার মধ্যে দিয়ে বন্দরনগর চট্টগ্রামেও আজ শুক্রবার প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদ্‌যাপন করেছে খ্রিষ্টান সম্প্রদায়।

সকালের দিকেই নগরের গির্জায় গির্জায় অনুষ্ঠিত হয় প্রার্থনা। এতে খ্রিষ্টধর্মাবলম্বীরা অংশ নেন। প্রার্থনায় বিশ্বশান্তি ও মানুষের মঙ্গল কামনা করা হয়। নগরের সবচেয়ে বড় গির্জা পাথরঘাটা ক্যাথলিক চার্চে গত বৃহস্পতিবার রাতে দুই দফা প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা পরিচালনা করেন ফাদার টেরেন্স রড্রিক্স ও বিশপ মজেস কস্তা।
আজ বিকেলে নগরের পাথরঘাটা ক্যাথলিক চার্চে ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আসা লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিশপ মজেস কস্তা। সেখানে কেক কাটেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এ ছাড়া অনুষ্ঠানে রাজনীতিক ও পেশাজীবী ছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে নগরের জামালখান ব্যাপটিস্ট চার্চ, ক্রাইস্ট চার্চ, সেন্ট মেরিস চার্চ, পাহাড়তলী চার্চসহ নগরের সব চার্চে প্রার্থনা অনুষ্ঠিত হয়। বড়দিনের এ উৎসব উপলক্ষে চার্চগুলোতে বৃহস্পতিবার থেকেই বিশেষ আলোকসজ্জা করা হয়।
এদিকে প্রার্থনা শেষে বাড়িতে বাড়িতে চলে নানা উৎসব-আয়োজন। আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবরা একে অপরের বাড়িতে বেড়াতে যান। কেক কাটা ও বিশেষ খাবারের আয়োজন করা হয় বাড়িতে বাড়িতে। শুভেচ্ছা ও উপহার বিনিময় করেন নিজেদের মধ্যে। আলোকসজ্জা করা হয় ক্রিসমাস ট্রিতে। গির্জাগুলোতে গোশালায় জন্ম নেওয়া যিশুর জন্মদিনের ক্ষণটিকে ফুটিয়ে তোলা হয় প্রতীকীভাবে।
চট্টগ্রাম ক্যাথলিক ডায়োসিজের সম্পাদক মানিক উইলভার ডি কস্তা প্রথম আলোকে বলেন, নগরজুড়ে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করে প্রশাসন।