উৎসবে-আনন্দে যুক্তির লড়াই

বিদ্যালয়জুড়ে হইহুল্লোড়। মাঠে বিশাল মঞ্চ। যুক্তির ঝলকে হাততালিতে ফেটে পড়ছে পুরো বিদ্যালয়। উৎসবের আলো ছড়িয়ে রয়েছে সবখানে।
এ রকম আনন্দমুখর আয়োজনে সম্পন্ন হলো ফার্ম ফ্রেশ বন্ধুসভা বিতর্ক উৎসব ২০১৩-এর রামপুরা অংশের প্রতিযোগিতা। ‘যুক্তির ঝলকে মঙ্গল আলোকে বিতর্ক শিখি আলোকিত হই’ স্লোগানে রামপুরা একরামুন্নেসা বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল সোমবার দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সারা দিন কথার খই ফুটল বিতার্কিকদের মুখে। বিতার্কিক, বিচারক, দর্শক, বিদ্যালয়ের শিক্ষক, আয়োজক—সবাই ছিলেন এই বর্ণময় আয়োজনের অংশ।
প্রতিযোগিতায় বিজয়ী দল ভিকারুন নিসা স্কুল অ্যান্ড কলেজ। শ্রেষ্ঠ বক্তা হন বিজয়ী প্রতিষ্ঠানের মেহেরুন নাহার মৌরি। রানার্সআপ দল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বনশ্রী শাখা। সেমিফাইনালে অংশগ্রহণকারী অন্য দুটি প্রতিষ্ঠান হলো রামপুরা একরামুন্নেসা বালিকা উচ্চবিদ্যালয় ও খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১৬টি বিদ্যালয়। বিজয়ী ও রানার্সআপ দলকে একটি করে ট্রফি এবং প্রত্যেক তার্কিককে একটি করে ক্রেস্ট দেওয়া হয়।
সকালে বিতর্ক অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান। চূড়ান্ত বিতর্কের আগে গান করেন মাহমুদুজ্জামান বাবু। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, বিতর্কের মাধ্যমে অর্জিত শিক্ষা ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভার নির্বাহী সভাপতি সাইদুজ্জামান।
রাজধানীজুড়ে বিতর্ক প্রতিযোগিতার অংশ হিসেবে এর আগে পুরান ঢাকা ও মিরপুর অঞ্চলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।