উৎসবে উদ্বেগের ছাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার ফুলছড়ি ও সুন্দরগঞ্জে ৩১ মার্চ অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে চরাঞ্চলের ৩৫টি কেন্দ্রেও ভোট গ্রহণ করা হবে। প্রত্যন্ত এসব এলাকায় ভোট নিয়ে উৎসবের আমেজ বিরাজ করছে। তবে নাজুক যোগাযোগব্যবস্থার কারণে উদ্বেগও রয়েছে। দেশের বিভিন্ন জেলার নির্বাচনী সহিংসতার ঘটনা এ অঞ্চলের মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ব্রহ্মপুত্র, তিস্তা ও যমুনা নদীর পূর্বপাশে অবস্থিত হওয়ায় অনেক চর এলাকায় যানবাহন চলাচলের রাস্তা নেই। কেন্দ্রগুলোতে যেতে হলে কিছু পথ নৌকায় আবার কিছু পথ হেঁটে যেতে হয়। ফলে কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা বা সহিংসতা হলে সঠিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেখানো পৌঁছানো কঠিন হবে।
ফুলছড়ি: উপজেলার ৪৪টি ভোটকেন্দ্রের ২৩টিই চরাঞ্চলে। এগুলো হচ্ছে দক্ষিণ কাবিলপুর, আঙ্গারিদহ, চরখোলবাড়ি, বাজে ফুলছড়ি, ফুলছড়ি দুই নম্বর, সরদারেরচর, দেলুয়াবাড়ি, জিগাবাড়ি, পশ্চিম জিগাবাড়ি, আলগারচর, ডাকাতিয়ারচর, চরচৌমোহন, উত্তর চৌমোহন, চরহরিচণ্ডী, কিশামতধলি, পাগলারচর, এরেন্ডাবাড়ি, কাউয়াবাধা, চরকাবিলপুর, কৃষ্ণমনি, পশ্চিম খাটিয়ামারি, চরখাটিয়ামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ খাটিয়ামারি ইবতেদায়ি মাদ্রাসা।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, কয়েকটি চরে চলছে উৎসবের আমেজ। হাটবাজার এমনকি গাছেও পোস্টার ঝুলছে। চায়ের দোকানগুলোতে মানুষের মুখে মুখে নির্বাচনের আলোচনা। জিগাবাড়ি গ্রামের ভোটার আবদুল করিম বলেন, উপজেলা পরিষদ কার্যালয় থেকে তাঁদের কেন্দ্রে আসতে নৌকায় করে শুধু নদী পার হতেই আড়াই ঘণ্টা লেগে যায়। খারাপ যোগাযোগব্যবস্থার সুযোগ নিয়ে অনেক প্রার্থীর লোকজন ভোট কারচুপি করতে পারে।
কৃষ্ণমনি গ্রামের ব্যবসায়ী আসানুল্লাহ বলেন, ‘আমাগোর এখানে আগে থাকি প্রশাসনের নোক বেশি থাকোন দরকার। কারণ, এখানে গন্ডগোল হলে প্রশাসনের নোক আসতে আসতেই ম্যালা ক্ষতি হয়া যাবে।’
সুন্দরগঞ্জ: উপজেলার ১০৯টি ভোটকেন্দ্রের ১২টিই চরাঞ্চলে। এগুলো হচ্ছে মহিষবান্দী, চরবিরাহিম, চৌমহনী, চরিতাবাড়ি, চরচরিতাবাড়ি, পাড়াসাদুয়া, মাদারীপাড়া, লাটশালা, চরহরিপুর, বোচাগাড়ি, উজান বুড়াইল ও চরকাপাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানেও উৎসবের মাঝেও ভোটারদের মধ্যে আতঙ্কের ছাপ।
চরহরিপুর এলাকার চাকরিজীবী সাজু মিয়া বলেন, উপজেলা পরিষদ কার্যালয় থেকে তাঁদের কেন্দ্রে যেতে তিন-চার ঘণ্টা সময় লাগে। তিস্তা নদীর পানি শুকিয়ে যাওয়ায় নৌকাও তেমন একটা চলে না। বালুচরে যানবাহন চলাচলও দুষ্কর। কোনো বিশৃঙ্খলা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আসতে অনেক বিলম্ব হবে। এ কারণে চরাঞ্চলের ভোটারদের মধ্যে কেন্দ্রে যাওয়া নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, ভোট গ্রহণের প্রস্তুতি প্রায় সম্পন্ন। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। চরাঞ্চলের ভোটকেন্দ্রগুলো নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। পাশাপাশি ওই সব কেন্দ্রে বিশেষ নজরদারিও থাকবে।