সকাল ৯টা। তখনো মঞ্চ থেকে অনুষ্ঠান শুরুর ঘোষণা আসেনি। কিন্তু মাঠের মধ্যে বসানো বিশালাকৃতির ‘অ’ বর্ণের গায়ে রং মাখিয়ে ফেলেছে শিশুরা। শুরু হয়ে গেছে বর্ণ নিয়ে তাদের মাঠজুড়ে ছোটাছুটি। ঘুরে ঘুরে চলছে এক স্টল থেকে আরেক স্টলে আসা-যাওয়া। টি-শার্ট রাঙাতে দাঁড়িয়ে গেছে লম্বা লাইন। কে কার আগে রং মাখাতে পারে—এ নিয়ে ব্যস্ততা আর হুড়োহুড়ি।
তবে, এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হলো সকাল ১০টা ১১ মিনিট। একঝাঁক বেলুন উড়ে গেল আকাশে। মঞ্চে উঠে বর্ণমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করলেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।
আজ মঙ্গলবার সকালে রাজশাহীতে প্রথম আলো-সার্ফ এক্সেল বর্ণমেলার শুরুটা ছিল এমনই।
হাসান আজিজুল হক বললেন, দেশ বিভাগের পর বাংলা ভাষা ও সাহিত্য সবকিছুর ওপর একটা আঘাত নেমে আসে। কিন্তু বাঙালি কখনোই পরাধীনতা স্বীকার করেনি। রুখে দাঁড়িয়েছে। কাজেই যেদিন বাংলা বিভক্ত হয়েছে, সেদিন থেকেই বলতে গেলে ভাষা আন্দোলনও শুরু হয়েছে। ’৫২ সালের একুশে ফেব্রুয়ারি তার বিস্ফোরণ ঘটে। গোটা বাঙালি সেদিন রুখে দাঁড়ায়।
মেলায় আসা শিশুদের উদ্দেশে হাসান আজিজুল হক বলেন, ‘এই কথা যারা বর্ষীয়ান, তারা সবাই জানে। কিন্তু তোমরা এখনো যারা কোমলমতি বালক-বালিকা আছো, তোমাদের শিক্ষার সঙ্গে সঙ্গে নিজের দেশের ঐতিহ্য, ভাষা জানতে হবে। ভাষার অহংকার তোমাদের থাকা উচিত। মাটি ছাড়া যেমন দাঁড়ানো যায় না, তেমনি দেশ ছাড়া কোনো ঠাঁই পাওয়া যায় না। গোটা পৃথিবী আমার বিদেশ আর এই বাংলাদেশই আমার দেশ। তিনি আরও বলেন, পৃথিবীতে শুধু একটি ভাষার ওপর ভিত্তি করে একটি বোধ গড়ে ওঠা একটি রাষ্ট্র গড়ে ওঠা—এটা কতটা গৌরবের। এই গৌরব বাড়াতে হবে। এটা তোমাদের দায়িত্ব। তোমরা যদি ছেড়ে দাও কিছুই হবে না। তোমরা যদি নিজের সংস্কৃতি ধরে রাখো, বিদেশি ভাষায় যাতে ভেসে না যাও।’
উৎসবে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক নূরজাহান বেগম।
উদ্বোধনী বক্তব্যের পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইকবাল মতিনের বেহালায় করুণ সুরে বেজে ওঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...’। শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মঞ্চের পাশেই কাগজ-পেনসিল আর রং নিয়ে বসে পড়ে রাজশাহী নগরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। অংশ নেয় চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। তুলির আঁচড়ে তারা রাঙিয়ে তোলেন দেশ-মাটি আর প্রকৃতির ছবি। কারও ক্যানভাসে ফুটে ওঠে ’৫২-র ভাষা আন্দোলন এবং একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরির চিত্র। আধা ঘণ্টার চিত্রাঙ্কন প্রতিযোগিতার পর অনুষ্ঠিত হয় সুন্দর হাতের লেখার প্রতিযোগিতা।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে চলতে থাকে নানা সাংস্কৃতিক পরিবেশনা। রাজশাহী আবৃত্তি পরিষদের খুদে আবৃত্তিশিল্পীর কণ্ঠে ফুটে ওঠে একুশের কবিতা। মঞ্চে নজরুলসংগীত পরিবেশ করেন শিল্পী রেজাউল করিম এবং রবীন্দ্রসংগীত পরিবেশন করেন রেখা পারভীন।
বর্ণমঞ্চে সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে হাজির হয়েছিল নগরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। নগরের অনন্যা শিশু শিক্ষালয়ের খুদে শিক্ষার্থীরা পরিবেশন করে ঐতিহ্যবাহী বিয়ের গীত। আবৃত্তি ও নৃত্য পরিবেশনা ছিল রাজশাহী সরকারি পিএন বালিকা উচ্চবিদ্যালয়ের। গান ও নাচের পরিবেশনা ছিল রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের। রাজশাহী অঞ্চলের গম্ভীরা গান নিয়ে মেলা মাতিয়ে যায় গানের দল মাথল। নৃত্য পরিবেশনা করেন রাজশাহীর নৃত্যশিল্পী ল্যাডলী মোহন মৈত্র ও আলো রাণী মৈত্র। শিশুদের জাদু দেখিয়ে মুগ্ধ করেন জাদুশিল্পী স্বপন দিনার।
এক ঘণ্টার বিরতি দিয়ে বেলা দুইটার পর আবারও শুরু হয় বর্ণমঞ্চের সাংস্কৃতিক পরিবেশনা। এই পর্বের শুরুতেই ছিল নকশিকাঁথা গানের দলের ভোকাল সাজেদ ফাতেমীর গান। এরপর গান নিয়ে আসেন অঙ্কন। এরপর একে একে গান পরিবেশন করে চ্যানেল আই ক্ষুদে গানরাজ পায়েল, সংগীতশিল্পী মেহেদী, রোমেল, আরিফ, রাফাত ও ইতি। অনুষ্ঠানের সর্বশেষ পরিবেশনা ছিল ব্যান্ডদল আনন্দনগরের। অনুষ্ঠানজুড়ে সঞ্চালনায় ছিলেন প্রথম আলোর সাংবাদিক সাজেদ ফাতেমী ও প্রথম আলো রাজশাহী বন্ধুসভার বন্ধু তথাপি আজাদ।
স্টলে স্টলে শিশুদের ভিড়
মঞ্চের সামনেই ছিল শিশুদের হাতেখড়ি দেওয়ার স্টল। সেখানে গিয়ে দেখা গেল কোমলমতি শিশুদের সঙ্গে এই উৎসবে মেতে উঠেছিলেন তাদের মায়েরাও। রাজশাহী নগরের সপুরা এলাকা থেকে মেলায় আসা আসমাউল হুসনা তাঁর ছোট্টশিশু আরশান রাইয়াতকে নিয়ে এসেছেন। তার পেছনে লাইনে দাঁড়িয়ে রয়েছেন নগরের বালিয়াপুকুর এলাকার অভিভাবক শাকিলা খাতুন। তাঁর সঙ্গে মেয়ে অপ্সরা। বাশার রোডের মা শাহিনা আক্তারের সঙ্গে এসেছে শিশু সারজিন। বালিয়াপুকুর এলাকার রওনক জাহান তাঁর শিশু স্বর্ণের হাত ধরে দাঁড়িয়ে আছেন। কে কার আগে হাতেখড়ি নেবেন, এ যেন চলছে অলিখিত প্রতিযোগিতা। সেখানে শিশুদের হাতেখড়ি দিচ্ছিলেন অধ্যাপক ইকবাল মতিন। তিনি বললেন, শিশুদের এত ভিড় ছিল যে মধ্যাহ্নবিরতির সময়েও তিনি স্টল ছেড়ে উঠতে পারেননি।
একটু এগিয়েই পেপসোডেন্টের স্টলে দেখা গেল আরেক দৃশ্য। ‘বর্ণমেলায় হেসে উঠুক বাংলা বর্ণ’র ফ্রেমে ছবি তোলা নিয়ে ব্যস্ত শিশুরা। একপাশে ছবি তুলছেন শিশুরা, অন্য পাশে সেই ছবি প্রিন্ট করে দেওয়া হচ্ছে তাদের হাতে। বিনা পয়সায় নিজের শিশুর ছবি প্রিন্ট করে নিতে শিশুদের চেয়ে অভিভাবকদের ভিড়ই বেশি। পিওর ইটের স্টলে চলছিল জলকামান দিয়ে জীবাণু ধ্বংস করার খেলা। দুপুরের বিরতির সময় ছাড়া অবসর পায়নি জলকামানগুলো। তবে বিরতির সময়েও বন্ধ ছিল না লাইফবয়ের ‘পাঁচ আঙুলের পাঠশালা’। রঙের মধ্যে হাত ডুবিয়ে বর্ণ রাঙানোর পর পাঁচভাবে হাত ধোয়ার কৌশল। লক্ষ্মীপুর এলাকা থেকে আসা এক অভিভাবক তাঁর শিশুর হাত রঙের মধ্যে ডুবিয়ে কোলে করে নিয়ে যাচ্ছিলেন মাঠের মধ্যে রাখা বর্ণ রাঙাতে। আশপাশের অভিভাবকের কাছে এমন দৃশ্য ছিল উপভোগ্য। সার্ফ এক্সেলের কাপড়ে বর্ণ আঁকার স্টলে দম ফেলার সময় ছিল না দায়িত্বরত কর্মীদের। দুপুরের এক ঘণ্টা বিরতি ছাড়া এক মিনিটের জন্যও বন্ধ ছিল না নাগরদোলা। ভিড় লেগেছিল প্রথমার বইয়ের স্টল, কিশোর আলো, বিজ্ঞানচিন্তা ও বর্ণপ্রযুক্তির স্টলেও। আর বর্ণ প্রদর্শনীর স্টলে দর্শনার্থীরা ব্যস্ত ছিলেন শিশুদের তৈরি করা বর্ণের সঙ্গে সেলফি তুলতে।
বিজয়ী হলো যারা
বর্ণমেলায় অনুষ্ঠিত বর্ণ প্রতিযোগিতার জন্য সপ্তাহ খানেক আগে শিশুদের কাছে থেকে আহ্বান করা হয়েছিল বাহারি বর্ণের। সেই বর্ণ প্রতিযোগিতার জন্য জমা পড়ে শতাধিক বর্ণিল রং আর বাহারি চেহারার বর্ণের মধ্যে থেকে বিচারকেরা তিনটি বিভাগে নয়জনকে বিজয়ী করেন। ‘ক’ বিভাগে প্রথম হয়েছে রাজশাহী সরকারি পিএন বালিকা উচ্চবিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আনিকা সারা জান্নাত, দ্বিতীয় হয় রাজশাহীর অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ঔড়ব আজাদ এবং তৃতীয় হয় মসজিদ মিশন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জুনাইরা মাহনুর নুরীন।
‘খ’ বিভাগে প্রথম হয় রাজশাহী সরকারি মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আবরার রশিদ, দ্বিতীয় হয় রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মুনতাকা তাসবীহ এবং তৃতীয় হয় পিএন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির আফরা মেহজাবীন। ‘গ’ বিভাগে প্রথম স্থান অধিকার করে রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী অর্পিতা পোদ্দার, দ্বিতীয় হয় গভ. ল্যাবরেটরি হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী তাহসিনুল ইসলাম এবং তৃতীয় হয় সরকারি পিএন বালিকা উচ্চবিদ্যালয়ের উম্মে হাবিবা লামিয়া।
সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম হয় কেজির শিক্ষার্থী ফারিশতা, দ্বিতীয় রাজশাহী কলেজিয়েট স্কুলের তৃতীয় শ্রেণির আসফাক তানজিম ও তৃতীয় হয় রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ওয়ামিয়া হাসান শ্রাবন্তী। ‘খ’ বিভাগে প্রথম হয় গভ. ল্যাবরেটরি হাই স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আহনাফ আবিদ আলম, দ্বিতীয় রিভার ভিউ স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফারহানা শামস এবং তৃতীয় হয় সরকারি পিএন বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইসমাত জাহান। ‘গ’ বিভাগে প্রথম সরকারি পিএন বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাইরুজ চৌধুরী, দ্বিতীয় রিভার ভিউ স্কুলের দশম শ্রেণির সাদিয়া ইসলাম নিঝুম, তৃতীয় রাজশাহী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির মাকসুদা জামান মেঘলা।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার ‘ক’ বিভাগে প্রথম হয় শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুলের তৃতীয় শ্রেণির মৈত্রী দাস, দ্বিতীয় হয় ফারিশতা এবং তৃতীয় স্থান অর্জন করে আবদুল মজিদ মেমোরিয়াল স্কুলের রঈদ। ‘খ’ বিভাগে প্রথম হয় সরকারি পিএন বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাজন্য ত্রিধা, দ্বিতীয় রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির নাফিজা তানজিম এবং তৃতীয় হয় রাজশাহী কলেজিয়েট স্কুলের চতুর্থ শ্রেণির মাহিন মুতাসিম অর্ণব। এই প্রতিযোগিতার ‘গ’ বিভাগে প্রথম হয় দশম শ্রেণির শিক্ষার্থী সাবরিনা আফরিন, দ্বিতীয় সরকারি পিএন বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির নোশিন তাসনিম এবং তৃতীয় হয় একই স্কুলের শিক্ষার্থী সাদিয়া আফরিন।
এসব প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহীর চিত্রশিল্পী আশফাকুল আশেকিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক বনি আদম ও মনির উদ্দিন আহমেদ।
বিকেল পাঁচটায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক আবুল কাশেম, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইকবাল মতিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক বনি আদম, প্রথম আলোর রাজশাহী অফিসের নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, রাজশাহী জেলা কালচারাল অফিসার আসাদ সরকার, প্রথম আলোর রাজশাহী অফিসের বিক্রয় নির্বাহী আকতারুজ্জামান সরকার, বন্ধুসভার বন্ধু ফারুক হোসেন, মাসুদ রানা প্রমুখ।