উৎসবে মাতবে রাজধানী

পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীজুড়ে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৈশাখী মেলার পাশাপাশি ঢাকার বিভিন্ন খেলার মাঠ ও ক্যাম্পাসে গাইবেন জনপ্রিয় শিল্পীরা।
কনসার্টের আয়োজন করা হয়েছে বেশ কয়েকটি বড় মাঠে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে এবং বৈশাখী টেলিভিশন ও ক্লাব ইলেভেন ইনসেপশন বৈশাখী কনসার্টের আয়োজন করেছে ধানমন্ডি শেখ জামাল মাঠে। সকাল থেকে বিকেল অবধি এতে গান করবেন জেমস, শিরোনামহীন, ভাইকিংস, ফকির শাহাবুদ্দিন, শফি মণ্ডল, দিঠি, আশিক, রন্টি দাস, শাহীন, মনিরসহ এই প্রজন্মের জনপ্রিয় শিল্পীরা। কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে বৈশাখী টেলিভিশন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ‘মোজো বৈশাখী কনসার্ট লাইভ’ সকাল আটটা থেকে সরাসরি সম্প্রচার করা হবে বাংলাভিশনে। এই কনসার্টে গান করবেন জেমস, ফিডব্যাক, শিরোনামহীন, হৃদয় খান, মিলা, চিরকুট, ইনসাইড ইউ। মাছরাঙা টেলিভিশনের আয়োজনে ধানমন্ডির আবাহনী মাঠ থেকে সরাসরি সম্প্রচার করা হবে ‘মাছরাঙার কনসার্ট’। কনসার্টে গান করবে এলআরবি, ফিডব্যাক ও দলছুট। আরও থাকবে বাউল এক্সপ্রেসের গান।
এ ছাড়া রাজধানীর রমনার জামতলা থেকে সকাল সাড়ে নয়টায় প্রচারিত হবে ‘বৈশাখী উৎসব’। এখানে গান করার কথা রয়েছে জেমস, সোলস ও ফিডব্যাকের। কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে দেশ টিভি।
প্রতিবছরের মতো এবারও রাজধানীর রমনার বটমূলে নতুন বছরকে বরণ করবে ছায়ানট। সকাল সোয়া ছয়টা থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।
চ্যানেল আই ও সুরের ধারা যৌথভাবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সহস্র কণ্ঠে বর্ষবরণ’ অনুষ্ঠানের আয়োজন করেছে। সকাল ছয়টায় থেকে দুপুর পর্যন্ত চলবে অনুষ্ঠানটি। এতে সুরের ধারার নিয়মিত শিল্পী ছাড়াও বরেণ্য শিল্পীরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পুরান ঢাকার বিভিন্ন স্কুল, কলেজ ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকটি মঞ্চস্থ করবে কেন্দ্রীয় মিলনায়তনে।
সকাল নয়টায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বর্ষবরণ অনুষ্ঠানের। এতে নৃত্য পরিবেশন করবে নৃত্যজন ও নটরাজ। সাংস্কৃতিক পরিবেশনা করবে মৈত্রী শিশুদল, আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়, ছোলামাইদ উচ্চবিদ্যালয় এবং বাউলগান গাইবেন বাউল সোনিয়া ও তাঁর দল।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসির্টির সোবহানবাগ ক্যাম্পাস থেকে সকাল আটটায় বের হবে মঙ্গল শোভাযাত্রা। পরে আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের।
বিসিক ও বাংলা একাডেমি আয়োজিত বৈশাখী মেলা ১৪২৩ উদ্বোধন করা হবে বেলা ৩টা ৪৫ মিনিটে। সন্ধায় আয়োজিত হবে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের। মেলা চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।
নিউ ইস্কাটনের গ্র্যান্ড টেরাস হাউজিং কমপ্লেক্সের বাসিন্দারা আয়োজন করেছেন বর্ষবরণের নানা অনুষ্ঠানের। সকাল থেকে বিকেল পর্যন্ত এসব অনুষ্ঠান চলবে।
হিন্দোল সংগীত একাডেমি বেইলি রোডের সিদ্ধেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সংগীত ও নৃত্যনুষ্ঠানের আয়োজন করেছে বেলা তিনটায়।
‘বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে কৃষিবিদ ইনস্টিটিউশন। এটি শুরু হবে সকাল নয়টায় এবং চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।
নজরুল ইনস্টিটিউট নববর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজন করেছে আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। ধানমন্ডির কবি ভবনে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটির।
দিনব্যাপী গুলশানের সাউথ পার্কে (ড. ফজলে রাব্বি পার্ক) আয়োজন করা হয়েছে নববর্ষ উদ্যাপনের নানা ধরনের অনুষ্ঠান।
সকাল আটটা থেকেই ধানমন্ডি লেকের পাড়ে (৩ নম্বর সেক্টর, ১২/এ রোড-সংলগ্ন) ‘এসো হে বৈশাখ’ শিরোনামে একটি গানের অনুষ্ঠানের আয়োজন করেছে সারগাম ললিতকলা একাডেমি। ঝলক সমাজকল্যাণ সংসদ বেলা সাড়ে ১১টা থেকে বাসাবো বটতলায় আয়োজন করেছে নানা ধরনের অনুষ্ঠানের। বিভিন্ন প্রতিযোগিতার পাশাপাশি বিকেল সাড়ে চারটায় আছে সাংস্কৃতিক পরিবেশনা।
মিরপুর-আশুলিয়া বেড়িবাঁধ-সংলগ্ন বিরুলিয়া ব্রিজের পূর্ব পাশে প্রিয়াংকা কালচারাল ইনস্টিটিউট ক্যাম্পাসে নববর্ষ উদ্যাপন করা হবে আগামীকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায়। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে বিকেল সোয়া চারটায়।