
বিঝু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু ও চাংক্রান উৎসব দেখতে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে ভিড় করেছেন পর্যটকেরা। পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে পাহাড়িদের উৎসবে শামিল হয়েছেন দেশের নানা প্রান্তের মানুষ।
রাঙামাটি
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে চলছে বিঝু উৎসব। চাকমাসহ কয়েকটি সম্প্রদায়ের মানুষ গতকাল বৃহস্পতিবার উৎসবের দ্বিতীয় দিনে অতিথি আপ্যায়ন করেন। স্বজন, প্রতিবেশী বন্ধুবান্ধব থেকে শুরু করে পরিচিত-অপরিচিত সবার জন্য খাবারের আয়োজন ছিল। শুধু পাহাড়ি সম্প্রদায় নয়, স্থানীয় বাঙালিদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটককে আপ্যায়ন করা হয়। এদিকে মারমা, চাকসহ কয়েকটি সম্প্রদায়ের উৎসব গতকাল থেকে শুরু হয়েছে। নদী, ঝিরি ও কাপ্তাই হ্রদের পানিতে ফুল ভাসিয়ে এবং বাড়িঘরে ফুল দিয়ে সাজানো হয়েছে।
রাঙামাটি শহরের রাজবাড়ি এলাকার বাসিন্দা ইউ কে মং মারমা বলেন, মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব সাংগ্রাই গতকাল শুরু হয়েছে। নদী ও কাপ্তাই হ্রদে ফুল ভাসানো উৎসব আয়োজন করা হয়। এ ছাড়া বাড়িঘরে ফুল দিয়ে সাজানো হয়েছে। আগামীকাল (আজ) অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হবে।
রাঙামাটি শহরের কল্যাণপুর এলাকার বিজয় চাকমা ও বাঘাইছড়ি উপজেলা শিলকাটা ছড়া গ্রামের সোনারাম চাকমা বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অতিথিদের নানা খাবার পরিবেশন করা হয়েছে। এর মধ্যে পাহাড়িদের ঐতিহ্যবাহী খাবার পাজন (পাচন) বেশি আকষর্ণীয় ছিল। এ ছাড়া চালের পিঠাসহ নানা খাবার দেওয়া হয়।
রাঙামাটি পর্যটন মোটেলের কর্মী জগদীশ চাকমা বলেন, ঝুলন্ত ব্রিজ দেখতে শত শত পর্যটক ভিড় জমিয়েছেন।
কুমিল্লা থেকে শারমিন আক্তার ও চট্টগ্রামের মো. জাফর বলেন, পাহাড়িদের উৎসব ভালো লেগেছে।
রাঙামাটির আবাসিক হোটেল মালিক সমিতির যুগ্ম সম্পাদক মো. নেছার আহমেদ বলেন, পাহাড়িদের উৎসব উপলক্ষে অন্যান্য বছরের তুলনায় এ বছর অনেক বেশি পর্যটক এসেছেন। অধিকাংশ আবাসিক হোটেলে কোনো কক্ষ খালি নেই। শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকার কারণে এবার পর্যটক বেশি আসছেন।
বান্দরবান
জেলা শহরের ১১টি পাহাড়ি জাতিগোষ্ঠীর হাজারো নারী-পুরুষের বর্ণাঢ্য অংশগ্রহণে সাংগ্রাইং-সাংক্রাইং-সাংলান-চাংক্রান-বিজু-বৈসু-বিষু শোভাযাত্রার মধ্য দিয়ে গতকাল থেকে বৈসাবি উৎসব শুরু হয়েছে। শোভাযাত্রায় ম্রোদের বাঁশির সুর, ত্রিপুরাদের ঢোল ও মারমাদের বাজনায় জেলা শহর উৎসবমুখর হয়ে ওঠে। চার দিনের এ সামাজিক-সাংস্কৃতিক উৎসব আগামী রোববার পর্যন্ত চলবে বলে সাংগ্রাইং উদ্যাপন পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
ঐতিহাসিক রাজার মাঠে গতকাল সকাল থেকে মারমা, ম্রো, ত্রিপুরা, চাকমা, খিয়াং, চাক, বম, লুসাই, খুমি, পাংখুয়া ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নারী-পুরুষ নিজেদের বর্ণাঢ্য পোশাকে জড়ো থাকেন। সকাল আটটায় বিশাল শোভাযাত্রা মধ্যমপাড়া, উজানীপাড়া হয়ে ট্রাফিক চত্বর হয়ে আবার রাজার মাঠে ফিরে আসে। ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত শোভযাত্রায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
মারমা ভাষাগবেষক ক্য সা মং মারমা বলেন, সৌরবর্ষ বাংলা সনের সঙ্গে ও চন্দ্র বর্ষ ম্রাইমা সালের হিসাবের ব্যবধান হয়ে থাকে। ম্রাইমা পঞ্জিকা অনুযায়ী, গতকাল চাঁদের দ্বিতীয় দিন, অর্থাৎ ম্রাইমা ১৩৭৯ সাকক্রয়েরও দ্বিতীয় দিন। কিন্তু জ্যোতিষীদের মতে, বছরের তৃতীয় দিনে অর্থাৎ আজ শুক্রবার মূল সাংগ্রাইং উৎসবের দিন। এভাবে বাংলা নববর্ষ ও সাংগ্রাইং উৎসব কোনো সময় একসঙ্গে আবার কোনো সময় দু-তিন দিনের ব্যবধানেও হয়ে থাকে। সাংগ্রাইংয়ের শুরুতে গতকাল শোভাযাত্রা ও মারমাদের ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়েছে। আজ মূল সাংগ্রাইং উৎসবের দিন বুদ্ধমুর্তি স্নান ও পিঠা তৈরি হবে। আগামীকাল মৈত্রী পানিবর্ষণ উৎসব হবে।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন বান্দরবান প্রতিনিধি ও বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি)