উৎসবে মেতেছে হাজারো প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ শহরের গতকালের শীতের সকালটা ছিল একটু অন্যরকম। সবকিছু যেন সাজানো-গোছানো। পরিচ্ছন্ন সড়কে বর্ণিল তোরণ, ফেস্টুন। ঘরে ঘরে অতিথি। কেউ কেউ ফিরেছেন বহুদিন পর। দেখা হয়েছে পরিবার, বন্ধু, সতীর্থদের সঙ্গে। এসবই ছিল জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের ৭৫ বছর পূর্তির দুই দিনব্যাপী উৎসবকে ঘিরে।
উৎসবের স্লোগান ‘এসো মিলি প্রাণের উৎসবে’। কুয়াশা ভেজা সকালে সাদা জমিনে লাল পাড়ের শাড়ি পরা হাজারো নারী জড়ো হন বিদ্যালয় প্রাঙ্গণে, প্রাণের উৎসবে। পুরোনো সতীর্থদের কাছে পেয়ে একে অপরকে জড়িয়ে ধরেন। এরপর পৌর শহরে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।
দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হওয়া সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। এরপর হীরকজয়ন্তী উপলক্ষে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করা হয়।
উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক ও সাংসদ শামসুন্নাহার বেগম শাহানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিচারপতি মিফতাহ্ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল নাসির উদ্দিন আহমেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রহিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উৎসব উদ্যাপন পরিষদের সদস্যসচিব সঞ্চিতা চৌধুরী।
দুই দিনের উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন কুমার বিশ্বজিৎ, আশিক ও স্থানীয় শিল্পীরা।