উৎসবের আনন্দ ছিল না তাঁদের ঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গত বছর আমরা কুরবানি দিতে পারিনি। তখন তাজুল বলেছিল, আগামীবার (এ বছর) কুরবানি দিবে। তাই কুরবানি দিয়েছি। আমার ছেলে নেই, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আমরা হত্যাকাণ্ডের বিচার কি পাব না?’ এইটুকু বলার পর গলার স্বর থেমে আসে সাত খুনের ঘটনায় নিহত তাজুলের বাবা মো. আবুল খায়েরের। তাঁর ছেলে তাজুল ইসলাম ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের সহযোগী।
সাত খুনের বিভীষিকা প্রতিনিয়ত তাড়া করছে স্বজনহারা পরিবারগুলোকে। ঈদ, পূজার আনন্দ ছিল না তাঁদের ঘরে। অধিকাংশ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিহত হওয়ায় আর্থিক অনটনেও দিন কাটাচ্ছে পরিবারগুলো।
তাজুলের মা তাসলিমা বেগম বলেন, তাজুল নেই, ঈদের আনন্দও নেই। তাজুলের ভাই সাইফুল ইসলাম বলেন, ‘ভাইকে ছাড়াই আমরা কুরবানি দিলাম। গত বছর কুরবানি না দিতে পেরে আমার মন খারাপ হয়েছিল। তখন তাজুল ভাই বলেছিল এ বছর কুরবানি দিবে। কিন্তু এখন...’
আইনজীবী চন্দন সরকারের স্ত্রী অর্চনা সরকার বলেন, ‘পূজা এবার আমাদের জন্য আসেনি। নিরপরাধ মানুষটাকে কেন হত্যা করল ওরা। কী দোষ ছিল তাঁর।’ তিনি বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন চন্দন সরকার। তাঁর মৃত্যুর পর থেকে আর্থিক টানাপোড়েন চলছে। বাড়িতে প্রাইভেট কার থাকলেও সেটা চালানোর সামর্থ্য নেই। তিনি থাকলে এত কষ্ট হতো না।
গাড়িচালক জাহাঙ্গীর আলমের মা মেহেরুন বেগম বলেন, ‘আমি এখন কাঁদতেও পারি না। আমার ছেলেকে ছাড়া কীভাবে ঈদ করব? ওর তিন মাসের মেয়ে ও স্ত্রীকে দেখে আমি কষ্ট ভুলে থাকতে চাই।’
জাহাঙ্গীরের স্ত্রী শামসুন্নাহার বলেন, ‘গত বছর জাহাঙ্গীর জীবিত থাকতে ঈদে ঘুরে বেড়িয়েছি। এখন আমার আনন্দের দিন শেষ।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এত দিন পর যদি তাঁর বাবা, মা ও পরিবারের সদস্যদের হত্যার বিচার করতে পারেন, তাহলে আমার স্বামীসহ সাত খুনের বিচার কেন হবে না। আমি বিচার চাই।’
মনিরুজ্জামান স্বপনের মা মমতাজ বেগম বলেন, ‘আমার বড় ছেলে স্বপন নেই, আমি বিশ্বাস করতে পারি না। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।’
স্বপনের বাবা হায়দার আলী খান বলেন, ‘আমার ছেলেকে যারা হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বলেন, ‘আমাদের জন্য ঈদ আসেনি। প্রতি মুহূর্তে আমরা বেদনায় কাতরাচ্ছি।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারসহ নূর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক।’
নজরুলের ছোট মেয়ে নাজিফা ইসলাম বাবার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ছয়জনের ও ১ মে আরও একজনের লাশ ভেসে ওঠে।