উৎসবের আনন্দে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর চিড়িয়াখানায় বেড়াতে এসে ঘোড়ার পিঠে চড়ার সুযোগ হাতছাড়া করতে চায়নি শিশুরা। অভিভাবকদের সঙ্গে লম্বা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হলেও উত্সাহের কমতি ছিল না কারও। ছবিটি গত বৃহস্পতিবার তোলা ষ প্রথম আলো
মিরপুর চিড়িয়াখানায় বেড়াতে এসে ঘোড়ার পিঠে চড়ার সুযোগ হাতছাড়া করতে চায়নি শিশুরা। অভিভাবকদের সঙ্গে লম্বা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হলেও উত্সাহের কমতি ছিল না কারও। ছবিটি গত বৃহস্পতিবার তোলা ষ প্রথম আলো

শুক্রবার দুপুর। মতিঝিল শাপলা চত্বর এলাকা একদম ফাঁকা। সায়েদাবাদ-মিরপুর রুটের মিনিবাসটি ছুটছে দুর্বার গতিতে। এমন সুযোগ সব সময় মেলে না। চোখের পলকে জাতীয় প্রেসক্লাব, মৎস্য ভবন পেরিয়ে মিনিবাসটি চলে এল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে। কিন্তু এ কী! সামনে গড়ির সারি। বিশাল যানজট। চালক, যাত্রী সবারই প্রশ্ন—ছুটির দিনে রাজপথে এত যানজট কেন? একটু একটু করে এগিয়ে যেতেই দেখা গেল শিশুপার্কের ভেতরে এবং সামনে নানা বয়সী মানুষের প্রচণ্ড ভিড়। ছুটির দিনে বেড়াতে অনেকেই এসেছে এখানে। এ কারণেই রীতিমতো যানজট লেগেছে শিশুপার্কের সামনের সড়কে।
ঈদুল আজহার আনন্দ একটু অন্য রকম। নামাজ শেষে পশু কোরবানি করা, কাটাকুটি করা, গরিব ও আত্মীয়স্বজনের মধ্যে গোশত বিতরণের মধ্য দিয়েই বড়দের ঈদের দিনের অধিকাংশ সময় কেটে যায়। তবে ব্যতিক্রম দুরন্ত শিশু-কিশোরেরা। বিকেল হতে না-হতেই তারা দল বেঁধে বেরিয়ে পড়ে ঘুরতে। তাদের আনন্দ অন্য রকম—এক রিকশায় অনেকে মিলে চড়ে ফাঁকা রাজপথে ঘুরে বেড়ানো, দল বেঁধে চিড়িয়াখানা বা শিশুপার্কে যাওয়া, কোমল পানীয়ে গলা ভিজিয়ে নেওয়া। ফাঁকা রাজপথে জোরে গান বাজিয়ে গাড়ি চালিয়েও আনন্দ করেছে তরুণ প্রজন্ম। বেসরকারি পর্যায়ে নির্মিত বিনোদনকেন্দ্রগুলোতেও ভিড় ছিল প্রচণ্ড। উৎসবপ্রিয় মহানগরবাসীর ঈদের আনন্দে নতুন সংযোজন নবনির্মিত উড়ালসড়কগুলো।
উড়ালসড়ক যখন বিনোদনকেন্দ্র: ধোলাই খালের মোটরগাড়ির খুচরা যন্ত্রাংশ ব্যবসায়ী ইউসুফ আলী গত বৃহস্পতিবার তাঁর ওয়ারীর বাসা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বের হন সপরিবারে। বিকেলে তাঁদের সঙ্গে দেখা হয় মেয়র হানিফ ফ্লাইওভারে। বললেন, ‘বাচ্চারা বায়না ধরেছে, ঈদের ছুটিতে বেড়াবে। ভাবলাম, নতুন কিছু দেখাই। তাই আগে এসেছি এখানে, এরপর যাব হাতিরঝিল দেখতে। পাশে থাকা ভাতিজি হাটখোলার শেরেবাংলা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী মালিহা আইয়ুব নিজ থেকেই বলে উঠল, এত দিন স্কুলে আসা-যাওয়ার সময় মাথার ওপরে এই ব্রিজটা (ফ্লাইওভার) দেখেছি। আজ এখানে এসে খুব ভালো লাগছে।’
হাতিরঝিলেও ঈদের দিন বিকেল থেকে অগণিত মানুষের উপস্থিতি ছিল। অনেক রাত পর্যন্ত এ এলাকায় নানা বয়সী মানুষকে ঘুরেফিরে সময় কাটাতে দেখা গেল।
শিশুপার্ক: দীর্ঘদিন এখানে নতুন কোনো সংযোজন নেই। খোলা চত্বরে অতিরিক্ত বৃষ্টি কিংবা রোদে কোনো আশ্রয় নেই। একটি রাইডে চড়তে গেলে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হয়। তবু নগরবাসীর কাছে শিশুপার্কের প্রতি আগ্রহে ভাটা পড়েনি। বিগত তিন দিন শিশুপার্কে দেখা গেল, সব রাইডেই ভিড়। নাগরদোলা আর ট্রেনে ভিড় ছিল অপেক্ষাকৃত বেশি। শিশুপার্কের সহকারী প্রকৌশলী নুরুজ্জামান জানালেন, এবার ঈদের দিনই ৩৫ হাজার টিকিট বিক্রি হয়। দর্শনার্থীদের আগ্রহের কথা চিন্তা করে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত কাউন্টার খোলা রাখা হয়েছে।
চিড়িয়াখানা: ঈদে বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল মিরপুরের চিড়িয়াখানা। শিশু-কিশোরদের নিয়ে এসেছিলেন অভিভাবকেরা। বাঘ আর বানরের খাঁচার সামনে ভিড় ছিল বেশি। বাচ্চারা ছোটাছুটি করছিল এ-খাঁচা থেকে ও-খাঁচার সামনে। আর তাদের সামাল দিতে হিমশিম খেতে হয়েছে অভিভাবকদের। শেওড়াপাড়া থেকে আসা মোস্তফা বলেন, ‘ঈদের সময় কাউন্টারে লম্বা লাইন। তবু বাচ্চার আবদার রাখতে আসতে হয়েছে। এখন ভেতরে ঢুকতে পেরে ভালো লাগছে।’
লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল: ঈদের দিন বিকেলে খুলে দেওয়া হয়েছিল বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা অপরূপ সৌন্দর্যের আহসান মঞ্জিল। ঈদের ব্যস্ততা থাকলেও অল্প সময়ের মধ্যে দুই হাজার টিকিট বিক্রি হয়ে যায়। আহসান মঞ্জিলের দায়িত্বে থাকা জাতীয় জাদুঘরের ডেপুটি কিপার মোহাম্মদ আলমগীর জানালেন, ঈদের দিন বিকেলে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনা মূল্যে প্রবেশের ব্যবস্থা করা হয়েছিল। সেদিন পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত শিশু এসেছিল। পরদিন বিরতি দিয়ে গতকাল শুক্রবার বিকেলে খোলা হয় আহসান মঞ্জিল। সন্ধ্যার আগেই সাত হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়ে যায়।
ঈদের পরদিন বৃহস্পতিবার বিকেলে লালবাগ কেল্লায় গিয়ে দেখা গেল, ভেতরে লোকে লোকারণ্য। বাইরে দীর্ঘ লাইন। ভিড় ঠেলে কেল্লার প্রবেশ টিকিট কেটেছেন আরমানিটোলার বাবুল মিয়া। টিকিট হাতে পেয়ে তাঁর মুখে যে আনন্দের হাসি ফুটেছিল, তা অবশ্য খানিকটা ম্লান হয়ে আসে ভেতরে প্রবেশের লাইন দেখে। কেল্লার কাস্টডিয়ান সুলতানা জাকিয়া জানালেন, ঈদের পরের দুই দিনে দর্শনার্থীদের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে।
ঈদমেলা: পুরান ঢাকার চকবাজার, সুরিটোলা, আরমানিটোলা, ইংলিশ রোড, ধোলাই খালসহ বেশ কিছু এলাকায় স্থানীয়ভাবে ঈদ উপলক্ষে মেলার আয়োজন করা হয়। সবচেয়ে বড় ও আকর্ষণীয় ছিল চকবাজারের মেলা। শুক্রবার বিকেলে মেলায় গিয়ে দেখা গেল বিপুল লোকসমাগম। জমজমাট পরিবেশ। দল বেঁধে আশপাশের এলাকা থেকে আসছে শিশু-কিশোরেরা। এসব মেলায় চটপটি, ফুচকা, কোমল পানীয়ের পাশাপাশি ছিল নাগরদোলা, পুতুলনাচ আর সার্কাসের আয়োজন।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, নাটক সরণি (বেইলি রোড) এবং জাতীয় সংসদ এলাকায় ছুটির দিনগুলোতে চুটিয়ে আড্ডা দিয়ে সময় কাটিয়েছে নগরবাসী।