উৎসবের আমেজ
পাবনার সাঁথিয়া পৌরসভা নির্বাচনে ১৪টি ভোটকেন্দ্রের একটি কালাইচাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। গতকাল বুধবার সকাল থেকে এ কেন্দ্রটিতে সৃষ্টি হয় একধরনের উৎসবের আমেজ।
দুপুর ১২টার দিকে কেন্দ্রটিতে গিয়ে দেখা যায়, একদিকে ভোটারদের লম্বা সারি, আরেকদিকে মেলার মতো উৎসবমুখর পরিবেশ।
বিদ্যালয়টিতে রয়েছে প্রশস্ত মাঠ। মাঠের পূর্বদিকে নিরাপত্তাবেষ্টনীর বাইরে দেখা যায় আট থেকে দশটি খাবারের দোকান বসেছে। এগুলোর মধ্যে রয়েছে জিলাপি, পুরি, বড়াসহ নানা মিষ্টিজাত সামগ্রী। এসব দোকানে বেচাকেনাও হয়েছে বেশ। এ ছাড়া বাচ্চাদের খেলনা বিক্রি করতেও দেখা যায় দুই-তিনজনকে।
দোকানগুলোর কাছেই মাঠে রোদে বসে আড্ডা দিতে দেখা যায়, মধ্যবয়সী কয়েকজনকে। তাঁদের মধ্য থেকে আবদুর রহিম বলেন, ‘এ জায়গায় কুনু মারামারি-হানাহানি নাই। সবার মধ্যেই মিলমিশ। আইজকার নির্বাচনে আমাগরে মইধ্যে উৎসব উৎসব ভাব। তা ছাড়া এ জায়গায় যে দোকানগুইল্যা বসিছে, সেগুল্যার জন্নে মেলার মতো আমেজ দেখা দিছে।’
ভোট দিয়ে এসে গরম জিলাপি কিনছিলেন এক নারী ভোটার। এক কেজি জিলাপি কিনে তিনি বলেন, ‘ভোটের দিন আমাগরে এই কেন্দ্রে প্রত্যেকবারই অনেক দোকানপাট বসে। যারা ভোট দেয়, তারাও এসব দোকানের থ্যা জিনিস কেনে আবার যারা ভোট দেয় না, তারাও দূর-দূরান্তর থ্যা আইস্যা কেনে।’
ডালের বড়া বিক্রেতা গোলাম রব্বানি বলেন, ‘২০ কেজি ডাইল বাইট্যা আনছি। ১০ থেকে ১২ কেজি এর মধ্যেই শ্যাষ। বাকিটাও আশা করি বেইচ্যা শ্যাষ করব্যার পারব।’