ঘরে ঘরে উৎসবের আমেজ। পাড়ায় পাড়ায় কয়েক দিন ধরে চলে রাসনৃত্য ও রাখালনৃত্যের মহড়া। সব প্রস্তুতি সম্পন্ন। আজ সোমবার অনুষ্ঠিত হবে রাসপূর্ণিমা, মণিপুরী মহারাসলীলা বা রাসমেলা।
এটি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মণিপুরী-অধ্যুষিত মাধবপুর ও আদমপুরে মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। এ বছর মাধবপুর জোড়ামণ্ডপে অনুষ্ঠিত হবে ১৭৪তম রাস উৎসব। আয়োজক মণিপুরী বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়। অন্যদিকে ১৯৮৬ সাল থেকে আদমপুরে মণিপুরী মৈতৈ সম্প্রদায় রাসমেলার আয়োজন করছে। আয়োজন দুই জায়গাতে হলেও বার্তা একই: বিশ্বশান্তি, সম্প্রীতি ও মানবপ্রেম।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র মণিপুরে প্রথম এই রাসমেলা প্রবর্তন করেন। আর মণিপুরের বাইরে ১৮৪২ সালে মৌলভীবাজারের মাধবপুরে শুরু হয় রাসমেলা; যা এখনো চলছে। এটি এই অঞ্চলের ঐতিহ্যের অংশ হয়ে গেছে। ‘রাস’ শব্দটা এসেছে শ্রীকৃষ্ণের ১২ ধরনের রস থেকে। তবে ১২টি রসের মধ্যে রাসলীলায় সখ্য, বাৎসল্য ও মধুর এই তিনটি রসের উপস্থাপনই হয়ে থাকে।
রাস উৎসব সফল করতে প্রায় মাস খানেক ধরে পাড়ায় পাড়ায় রাসনৃত্য এবং রাখালনৃত্যের প্রশিক্ষণ ও মহড়া চলে। মাধবপুরে তিনটি জোড়ামণ্ডপের আওতায় এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। মণ্ডপের পুরোহিতের পরামর্শে একজন প্রশিক্ষক ধর্মীয় বিধিবিধানমতো গোপী বা শিল্পীদের প্রশিক্ষণ দিয়েছেন। প্রশিক্ষক শিল্পীদের ঠিক করেন। এরপর সামাজিক বিধানমতো শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণের বাইরেও কেউ চাইলে রাসনৃত্যে অংশ নিতে পারেন। এই গোপীদের বয়স ১৬ থেকে ২০ বা ২২ বছর। শুধু রাধার বয়স ৫ থেকে ৬ বছর। নৃত্যের প্রতিটি দলে ন্যূনতম ১২ জন অংশ নিয়ে থাকে। একইভাবে রাখালনৃত্যেরও প্রশিক্ষণ দেওয়া হয়। তিনটি অংশে চলে এই রাখালনৃত্য। প্রতিটি দলে ২০ থেকে ২২ জন ১৪ থেকে ১৫ বছর বয়সী বালক অংশ নিয়ে থাকে। এই পুরো বিষয়টি সমন্বয় করে মণিপুরী মহারাসলীলা সেবাসংঘ। মাধবপুরেই বড় অনুষ্ঠানটি হয়ে থাকে। এ বছর মাধবপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের।
আয়োজকেরা জানিয়েছেন, বেলা ১১টা থেকে ‘গোষ্ঠলীলা বা রাখালনৃত্য’ দিয়ে শুরু হবে মূল উপস্থাপনা। গোষ্ঠলীলায় রাখাল সাজে কৃষ্ণের বালকবেলাকে তুলে ধরা হবে। গোধূলি পর্যন্ত চলবে রাখালনৃত্য। রাত ১১টা থেকে পরিবেশিত হবে মধুর রসের নৃত্য বা শ্রীশ্রীকৃষ্ণের মহারাসলীলা অনুসরণ; চলবে ভোর (ব্রাহ্ম মুহূর্ত) পর্যন্ত। এই রাসনৃত্যে গোপিনীদের সঙ্গে কৃষ্ণের মধুরলীলা গানে, সুরে ও কথায় প্রকাশ করা হয়। উৎসব ঘিরে বসবে মেলা।
মণিপুরী মহারাসলীলা সেবাসংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ গত শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘হেমন্তকাল মানেই রাসপূর্ণিমা, রাস উৎসব। আইনশৃঙ্খলা নিয়ে আমরা তেমন ভাবছি না। আমাদের এখানে উৎসব চলাকালে কোনো গন্ডগোল বা অঘটন ঘটেনি।’
অপরদিকে আদমপুরেও একইভাবে মাস খানেক ধরে অনুষ্ঠানের প্রস্তুতি চলে। একটি মণ্ডপ ঘিরে চলে একই রকম আয়োজন। এখানে মণিপুরী রাজ্য থেকে কয়েকজন অতিথি আসবেন। থাকবে গুণীজন সংবর্ধনা, মার্শাল আর্ট প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজক কমিটির সদস্যসচিব হেমন্ত কুমার সিংহ গত শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালোই। নিরাপত্তা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই।’
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বলেন, আয়োজকদের সঙ্গে কথা বলে নিরাপত্তার জন্য দুই জায়গাতেই যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।