উৎসবের আমেজে নির্বাচন
‘ট্যাকা তো সব দিনই কামাই হবি। কিন্তুক ভোট তো আর সব দিনই আসবি না।’ কথাগুলো বগুড়ার শিবগঞ্জ উপজেলার এক কৃষকের। প্রত্যন্ত এলাকার বাসিন্দা হলেও গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিতে এসে তিনি এমন মন্তব্য করেন। শিবগঞ্জের মতো পঞ্চগড়ের তেঁতুলিয়া, নীলফামারীর কিশোরগঞ্জ, ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। এসব উপজেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়েছে।
চাষের মাঠ সুনসান: এক দিন আগেও কৃষকেরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে আলু তোলা ও ধানের চারা লাগানোর কাজে ব্যস্ত থেকেছেন। গতকাল সেই কৃষক ও তাঁদের পরিবারের সদস্যরা দল বেঁধে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। সকাল থেকেই কেউ হেঁটে, কেউবা ভ্যানে চেপে ভোট দিতে যান। তাই অন্যান্য দিনের মতো চাষের মাঠে কৃষকদের দেখা যায়নি। আর ভোটকেন্দ্রগুলোতে ছিল উৎসবের আমেজ। দামগাড়া গ্রামের ভোটার ইয়াকুব আলী জানান, খেতে নিড়ানি দেওয়ার কাজ ছিল। করলেই ৩০০ টাকা পেতেন। সেই কাজ বাদ দিয়ে ভোট দিতে এসেছেন।
নারী ভোটারদের উপস্থিতি বেশি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ২৭টি কেন্দ্রে সকাল আটটা থেকে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। তবে কেন্দ্রগুলোতে নতুন ও নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। সকালে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর আবহাওয়া ভালো থাকায় উপস্থিতি বাড়তে থাকে। তেঁতুলিয়া কালান্দিগঞ্জ ফাজিল মাদ্রাসাকেন্দ্রে বেলা ১১টার পর নারী ভোটারদের ভিড় বেড়ে যায়। দুইটা পর্যন্ত এ কেন্দ্রে ৪০ শতাংশ ভোট পড়েছে। নওগাঁর বদলগাছী উপজেলার ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। ১১টা ১৮ মিনিটে ভান্ডারপুর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। এই কেন্দ্রের চারটি বুথে নারী ভোটাররা লাইন ধরে ভোট দিচ্ছিলেন। তবে লাইনে পুরুষ ভোটারদের পাওয়া যায়নি। পুরুষ ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা কাজী মতিউর রহমান বলেন, দুপুরের পর পুরুষেরা ভোট দিতে আসবেন।
সকালে নারী, বিকেলে পুরুষের সারি: নীলফামারীর কিশোরগঞ্জে সকালের দিকে পুরুষ ভোটারদের উপস্থিতি কিছুটা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমেছে। তবে এ সময় বেড়েছে নারী ভোটারদের উপস্থিতি। দুপুরের পর পুরুষ ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। এ সময় আবার নারী ভোটারদের উপস্থিতি কমতে থাকে। সাড়ে ১১টার দিকে পুটিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে গিয়ে দেখা যায়, নারী ভোটারদের দীর্ঘ সারি। পুরুষ ভোটারদের লাইন ফাঁকা। এ সময় ওই কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা বাবুল কুমার রায় বলেন, সকালের দিকে কিছু পুরুষ ভোটার ভোট দিয়ে গেছেন। এখন দু-একজন করে আসছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারী ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। দুপুরের পর পুরুষ ভোটারের সংখ্যা আবারও বাড়তে পারে।
দুপুর ১২টায় রানীশংকৈলের আলিমুদ্দিন সরকারি উচ্চবিদ্যালয়কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। পাশেই পুরুষের ভোটের বুথ। কিন্তু সেখানে লাইন তো দূরের কথা, কোনো পুরুষ ভোটার পাওয়া যায়নি। একই চিত্র দেখা গেছে রানীশংকৈলের মীরডাঙ্গী উচ্চবিদ্যালয়, মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেকমরদ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অনেক ভোটকেন্দ্রে।
[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়, আক্কেলপুর (জয়পুরহাট) ও শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি]