উৎসবের জন্য প্রস্তুত ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বাইরের দেয়ালে নানা চিত্র আঁকছেন তরুণ শিল্পীরা। অনুষদের ফটক দিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ল চমৎকার সব শিল্পকর্ম। মঙ্গল শোভাযাত্রার জন্য তৈরি শিল্পকর্মগুলোতে শেষ আঁচড় দিচ্ছেন শিল্পীরা। গতকাল বুধবারের শেষ বিকেলের আলো আর নানা উজ্জ্বল রঙের শিল্পকর্মে মনে হলো এ এক অন্য জগৎ। আসলে রমনা এলাকাজুড়ে চলছে শৈল্পিক আয়োজন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে নিউমার্কেট, ধানমন্ডি, বসুন্ধরা সিটিসহ শহর ঘুরে দেখা গেল মানুষের ভিড়ে জমাজমাট সব বিপণিবিতান। বিভিন্ন দোকানের সামনে শোভা পাচ্ছে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে নানা ব্যানার-ফেস্টুন। সব মিলিয়ে মনে হবে ঢাকা যেন এখন এক উৎসবের নগর।
এই যে উৎসবের রঙে রঙিন ঢাকা, তার কারণ বাংলা নববর্ষ। আজ রাত পোহালেই যে বাঙালির সবচেয়ে বড় সর্বজনীন উৎসব বাংলা নববর্ষ। পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছর বঙ্গাব্দ ১৪২৪-কে স্বাগত জানাতে সব আয়োজন নিয়ে প্রস্তুত এখন ঢাকা। প্রস্তুত ঢাকার কোটি মানুষ।
বরাবরের মতো পয়লা বৈশাখের আয়োজনের প্রধান আকর্ষণ রমনার বটমূল। ‘এসো হে বৈশাখ...’ ধ্বনিতে প্রতিবছরের মতো এবারও সুরেলা ধ্বনি ছড়াবে বাতাসে। এবার ছায়ানটের প্রভাতী আয়োজনের ৫০ বছর পূর্তি। আয়োজনের মূল প্রতিপাদ্য ‘আনন্দ, বাঙালির আত্মপরিচয়ের সন্ধান ও অসাম্প্রদায়িকতা’। প্রভাতীর অনুষ্ঠান শুরু হবে সকাল ৬টা ১০ মিনিটে। পরিবেশনায় অংশ নেবেন ১৬০ শিল্পী।
তিন দশক ধরে বর্ষবরণের আরেক আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা। গত বছর ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে এ শোভাযাত্রা। এবারের আয়োজন তাই যেন একটু বেশিই মনে হলো চারুকলায়। অনেকেই এই কর্মযজ্ঞ দেখতে ভিড় করেছেন চারুকলায়। তাঁদেরই একজন রাইসুল ইসলাম। প্রথম আলোকে তিনি বলেন, ‘কয়েক বছর ধরে পয়লা বৈশাখের আগেই স্ত্রী আর ছোট ছেলেকে নিয়ে এখানে আসি। প্রস্তুতি দেখতে ভালো লাগে। আর পয়লা বৈশাখে প্রথমে রমনায় যাব। সেখান থেকে যোগ দেব মঙ্গল শোভাযাত্রায়।’
ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেল, নববর্ষের দিন শুক্রবার সকাল নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে চারুকলা অনুষদ থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা। যে-কেউ এতে যোগ দিতে পারবেন বলে জানালেন উৎসব সমন্বয় কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আখতারুজ্জামান। তবে শোভাযাত্রা শুরুর আগেই তাঁকে চারুকলায় উপস্থিত হতে হবে। মঙ্গল শোভাযাত্রা শুরুর পর কেউ আর এতে যোগ দিতে পারবেন না।
পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সাংস্কৃতিক বলয় তৈরি করতে চতুর্থবারের মতো মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে। এবারের শোভাযাত্রার মূল প্রতিকৃতি থাকবে জাতীয় মাছ ইলিশ। ইলিশ ছাড়াও বাঘ, হাতি, কচ্ছপের প্রতিকৃতি দিয়ে শোভাযাত্রা সজ্জিত করা হবে। শোভাযাত্রাটি জনসন রোড, নবাবপুর রোড, ওয়ারী, টিপু সুলতান রোড, নারিন্দা, ধোলাইখাল হয়ে ক্যাম্পাসে ফিরে আসবে।
এ ছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে পুরান ঢাকার লালকুঠিতে দুই দিনব্যাপী পাখি ও বনসাই প্রদর্শনী, নাগরদোলাসহ নানা আয়োজন করা হয়েছে।
পয়লা বৈশাখের দিন বাংলাদেশ শিশু একাডেমীতে থাকছে নানা আয়োজন। একাডেমীর শহীদ মতিউর মুক্তমঞ্চে সকাল নয়টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বাংলা একাডেমিতে সকাল সাড়ে সাতটা থেকে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা চলবে।
রাজধানীর নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে পয়লা বৈশাখ বেলা ১১টা, বিকেল সাড়ে ৫টা ও সন্ধ্যা ৭টায় তিনটি নাটক মঞ্চস্থ করবে ‘থিয়েটার’।
নববর্ষ উপলক্ষে আজ বৃহস্পতিবার রাত নয়টা থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে আলপনা আঁকা হবে। এ ছাড়া ঢাকার প্রায় সব এলাকায় বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা অনুষ্ঠান করবে।