রাঙামাটির রাজবন বিহারে কঠিন চীবরদান অনুষ্ঠান শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে দুদিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায়। উদ্বোধনের পর চরকায় সুতা কেটে বৌদ্ধ ভিক্ষুদের চীবর (পরার কাপড়) তৈরি কার্যক্রমের সূচনা করেন তিনি। এ অনুষ্ঠানকে ঘিরে রাঙামাটি শহর জনস্রোতে পরিণত হয়েছে।
উদ্বোধনের পর চাকমা রাজা সাংবাদিকদের বলেন, বৌদ্ধধর্মের রেওয়াজ অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি এবং তাতে রং করে চীবর (পরনের কাপড়) তৈরি হয়। এরপর বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়। চীবর দান অনুষ্ঠানে স্থানীয় উৎপাদিত তুলাও ব্যবহার করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবন বিহার কঠিন চীবরদান উৎসব উপাসক-উপাসিকা কার্যনির্বাহী পরিষদের সভাপতি গৌতম দেওয়ান, অমীয় খীসা, সুস্মিতা চাকমা প্রমুখ। রাঙামাটি রাজবন বিহারে এটি ৪৩তম কঠিন চীবরদান অনুষ্ঠান।
কঠিন চীবরদান আয়োজনকে ঘিরে তিন পার্বত্য জেলা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে বৌদ্ধধর্মাবলম্বী হাজারো পুণ্যার্থী রাজবন বিহারে এসেছেন। তাঁদের সঙ্গে ছিল কাঠ ও বাশ দিয়ে তৈরি করা কৃত্রিম গাছ। এতে ঝোলানো ছিল নগদ টাকা। এ ছাড়া অনেকে সুঁই-সুতাসহ নানা দানসামগ্রী নিয়ে এসেছেন। গতকাল দুপুরে কয়েক শ নারী-পুরুষকে বিহার প্রাঙ্গণে স্থাপিত বেইন ঘরে (কোমরতাঁত তৈরির ঘর) চীবর বুননের প্রস্তুতি নিতে দেখা যায়। এ ছাড়া দল বেঁধে বাদ্য বাজিয়ে বৌদ্ধধর্মীয় সংগীত গাইতেও দেখা গেছে।
রাজবন বিহার কঠিন চীবরদান উৎসব উপাসক-উপাসিকা কার্যনির্বাহী পরিষদের সভাপতি গৌতম দেওয়ান বলেন, প্রতিবছর কঠিন চীবর দান উৎসবে দুই লাখের বেশি মানুষের সমাগম ঘটে। এ বছরও তার চেয়ে বেশি মানুষের সমাগমের আশা করছেন তাঁরা। নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ প্রশাসনকে বলা হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে বিহারের নিজস্ব নিরাত্তাকর্মীও নিয়োগ দেওয়া হয়েছে।
নিরাপত্তার বিষয়ে রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান প্রথম আলোকে বলেন, কঠিন চীবরদান উপলক্ষে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, গোয়েন্দা পুলিশ, ট্রাফিক পুলিশ, সাদাপোশাকে পুলিশসহ প্রায় এক হাজার পুলিশ অনুষ্ঠানস্থলে মোতায়েন করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে বৌদ্ধ সাধকদের চীবর দান করার মধ্য দিয়ে উৎসব শেষ হবে।