উৎসবের বদলে উদ্বেগ
নির্বাচনের খবর সংগ্রহে মোটরসাইকেলে যশোর থেকে সাতক্ষীরার তালায় যাচ্ছি। যশোর সদর ছাড়িয়ে মনিরামপুর উপজেলা পেরোলেই সাতক্ষীরার সীমানা। দুই জেলার সীমান্তে পুলেরহাট বাজার। সেখানে পৌঁছতেই বিপত্তি। বাজারসংলগ্ন প্রধান সড়ক বন্ধ করে রেখেছেন অবরোধকারীরা। মুখে স্লোগান: ‘যারা করে নির্বাচন/ তাদের ঠেকাতে করো আন্দোলন’।
কাছাকাছি যেতেই অবরোধকারীরা চারপাশ থেকে ঘিরে ফেলল। লাঠি হাতে তেড়ে এল কয়েকজন। সাংবাদিক পরিচয় দিতে আরও ক্ষিপ্ত হলো তারা। নেতা গোছের একজন বলল, ‘আচ্ছা, সরকারের দালালি কইরতে আইসচো। দেশে-বিদেশের মানুষরে দেখাতি আসছো, সুন্দর ইলেকশন হচ্ছে।’
অবরোধকারীরা মোটরসাইকেল ভেঙে দেওয়ার চেষ্টা করলে অনুনয়-বিনয় করে তা ঠেকানো গেল। কিন্তু মোটরসাইকেল বন্ধ করে হেঁটে ফিরে যেতে বললেন তাঁরা। অগত্যা মেঠো পথ ধরতে হলো। দেখা গেল, প্রধান সড়ক তো বটেই, গ্রামীণ সড়কগুলোর দুই পাশের দোকানপাটও বন্ধ। পুরো এলাকা থমথমে। পরদিন নির্বাচন, তা কেউ আগে থেকে না জানলে এলাকার পরিস্থিতি দেখে বোঝা যাবে না। গ্র্রামীণ পথ ধরে হেঁটে, রিকশায় ও ভ্যানে প্রায় ১০ কিলোমিটার পেরিয়ে রাজগঞ্জ ইউনিয়নের প্রধান সড়কে এসে উঠলাম। এখানকার পরিস্থিতি মনিরামপুরের চেয়ে কিছুটা ভালো। তবে সবখানেই পরিবেশ সুনসান।
রাজগঞ্জ থেকে নছিমনে চেপে সাতক্ষীরার পাটকেলঘাটায় যেতে তিন-চার জায়গায় দূর থেকে অবরোধকারীদের দেখে পথ বদলাতে হলো। দুই জায়গায় তাঁরা তাড়া করলেন। নছিমনের যাত্রীদের বেশির ভাগই ভোটের দিন সহিংসতা হবে—এই ভয়ে দূরে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন।
কলারোয়ায় এসে আরেকটি মোটরসাইকেলে সওয়ার হলাম। এখানেই প্রথম গুটি কয়েক নির্বাচনী পোস্টার চোখে পড়ল। তাও আবার ছেঁড়া। সড়কের পাশে একটি আধপোড়া ব্যানার। ১৪ দলের প্রার্থী ওয়ার্কার্স পার্টির নেতা মোস্তফা লুৎফুল্লাহ আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সরদার মুজিবের পোস্টার-ব্যানারের একই অবস্থা। তালা উপজেলার দিকে এগোতে দেখা গেল, প্রধান সড়ক-হাট-বাজার সবখানেই নেমে এসেছে গ্রামীণ নিস্তব্ধতা। বেশির ভাগ দোকান বন্ধ। পুলিশ ও বিজিবির পাহারা আছে এমন সড়কগুলোয় হাতে গোনা কয়েকটি দোকান খোলা। তালা বাজারের কাছে ফাঁকা সড়কে হঠাৎ সার ধরে আটটি নছিমনকে আসতে দেখা গেল। দেখা গেল, অস্ত্র তাক করে বসা পুলিশের সদস্যরা ব্যালট বাক্স নিয়ে যাচ্ছেন।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ প্রকৌশলী মুজিবর রহমান এবার মনোনয়ন না পাওয়ায় ১৪ দল-সমর্থিত প্রার্থী মোস্তফা লুৎফুল্লাহর পক্ষে ভোট চেয়েছেন। এলাকাছাড়া হওয়া স্থানীয় আওয়ামী লীগের নেতারা যৌথ বাহিনীর অভিযান শুরু হওয়ার পর ফিরেছেন। তবে জামায়াত-শিবিরের তাণ্ডবের পর যেসব সংখ্যালঘু পরিবার এলাকা ছেড়ে পালিয়েছে, তারা এখনো ফিরতে পারেনি। জামায়াত-শিবিরের বেশ কয়েকজন নেতা গ্রেপ্তার হওয়ার পর এলাকার পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। তবে স্বস্তি ফিরে আসেনি।
তালার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান অবশ্য মনে করেন তালা-কলারোয়ায় সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ঝুঁকিপূর্ণ বলে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৫০০ সদস্য মোতায়েন থাকবেন। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।’