বগুড়ার গাবতলীতে উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল রোববার সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ঢল নামে। দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সহিংসতার আশঙ্কায় অনেক ভোটার ভোট দিতে যাননি। বেশির ভাগ ভোটকেন্দ্রেই সকাল থেকেই ছিল নারী ও পুরুষ ভোটারের দীর্ঘ সারি।
তবে কয়েকটি কেন্দ্রে ভোটারদের ওপর আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলা ও ভয়ভীতি দেখানো, জাল ভোট দেওয়াসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন কেন্দ্রে সরকারি দলের কর্মী-সমর্থকদের বাধায় অনেকে ভোট দিতে না পেরে ফিরে গেছেন। বাধা উপেক্ষা করে ভোট দিতে যাওয়ায় একটি ভোটকেন্দ্রের পাশের দুটি বাড়িতে ব্যাপক হামলা ও ভাঙচুর চালিয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কর্মীরা। হামলায় নারীসহ তিনজন আহত হয়েছেন। এখানে সরকারি দলের কবজা থেকে আটক করা হয়েছে অর্ধশত লাঠি।
উৎসবের আমেজ: সকাল থেকে বিকেল পর্যন্ত গাবতলীর ৯০টি ভোটকেন্দ্রের মধ্যে কমপক্ষে ৩০টি ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। সকাল নয়টায় উপজেলার চরবোচাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে আকলিমা বেগম (৩৬) নামে এক নারী ভোটার বলেন, ‘সংসদের ভোটত গ্যাঞ্জামের ভয়ত হামরায় বাড়িত থ্যাকেই বার হয়নি, আজক্যা মনে হচ্চে এডা উৎসবের ভোট। তাই বিয়ানবেলা ভোট দিবার আচ্চি। অনেক দিন পর ভোট দিচ্চি, খুব ভালো লাগিচ্চে।’ গত ৫ জানুয়ারি সহিংসতার মুখে এ কেন্দ্রে ভোট ভন্ডুল হয়ে যায়। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আ ন ম আবদুর রহিম বলেন, সকাল থেকেই নারী ভোটারের প্রচণ্ড ভিড়। এক ঘণ্টায় ৩৭২টি ভোট পড়েছে।
সকাল ১০টায় গাবতলী পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে বিপরীত চিত্র দেখা গেছে। এখানে নারীর চেয়ে পুরুষ ভোটারের উপস্থিতি বেশি। কয়েকটি বুথে সকাল থেকেই পুরুষ ভোটারের সারি। প্রিসাইডিং কর্মকর্তা আনিছুর রহমান বলেন, প্রথম দুই ঘণ্টায় ৩০০ ভোট পড়েছে। কেন্দ্রের পাশেই গাবতলী উপজেলা সদর। সকাল থেকেই ব্যাপক লোকসমাগম হচ্ছে। সর্বত্রই উৎসবের আমেজ।
বেলা ১১টায় নাড়ুয়ামালা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ঢোকার আগে নাড়ুয়ামালা বাজার থেকেই উৎসবের আমেজ দেখা গেছে। বাজারে ভোট উপলক্ষে মেলা বসেছে। কেন্দ্রের ভেতরে নারী ভোটারদের চারটি দীর্ঘ সারি। প্রতিটি সারিতে শ খানেক ভোটার। নাড়ুয়ামালা গ্রামের গৃহবধূ শেফালী বেগম বলেন, ‘গতবারত (৫ জানুয়ারি) গন্ডগোলের মধ্যে ভোট দিবার পারিনি। আজ সকাল সকাল দিবার আচ্চি।’
হামলা-ভাঙচুর, বাধা: দুপুর পৌনে ১২টায় পাঁচকাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে, গোটা কেন্দ্রই ফাঁকা। দু-একজন ভোটার বিচ্ছিন্নভাবে এলেও চোখেমুখে আতঙ্কের ছাপ। এখানকার ভোট গ্রহণের কাজে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সকাল থেকেই কেন্দ্রে আসতে পথে পথে বাধা দেওয়া হচ্ছে। স্থানীয় লোকজন বলেন, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এ এইচ আজম খানের সমর্থকেরা ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিচ্ছেন। পাঁচকাতুলী গ্রামের ভোটার ইয়াকুব আলী বলেন, ‘সকাল থ্যাকেই কাউর (গন্ডগোল) হচ্চে। ভয়ে ভোট দিবার আসপার সাহস পাচ্চি না। সেনাবাহিনী আসার খবর শুনে ভোট দিবার আসনো।’ স্থানীয় লোকজন জানান, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থকেরা কেন্দ্রে যেতে ভোটারদের বাধা দিচ্ছেন।
প্রার্থীর এজেন্টের দাপটে অসহায় প্রিসাইডিং কর্মকর্তা: বেলা পৌনে একটায় কুসুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, গোটা কেন্দ্রই ফাঁকা। ভোট গ্রহণও বন্ধ। ভেতরে একটি বুথে হট্টগোল চলছে। ওই বুথে বিএনপির প্রার্থী জাহিদুল ইসলামের এজেন্ট রবিউল ইসলাম অভিযোগ করেন, ‘এ কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর এজেন্ট ও স্থানীয় ইউপি সদস্য এমদাদুল হক অন্য এলাকা থেকে লোকজন এনে জাল ভোট দেওয়াচ্ছেন।’ এমদাদুল হক বলেন, অন্য এলাকার নয়, তাঁরা অন্য বুথের ভোটার। ভিড় থাকায় এখানে ভোট দিচ্ছেন।
প্রিসাইডিং কর্মকর্তা জলিলুর রহমান বলেন, ‘ওই এজেন্ট সরকারি দলের লোক হওয়ায় তাঁর কাছে অসহায় হয়ে পড়েছি। এজেন্টের দায়িত্বে থেকেও তিনি বারবার বাইরে যাচ্ছেন।’