লাল মাটির পথের দুই পাশে সারি সারি আগরগাছ। আগরগাছের ছায়াঢাকা পথ ধরে কিছুটা এগোলেই পাওয়া গেল একজন প্রার্থীর প্রচারণার হইচই। সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি জনসংযোগ করছেন ওই প্রার্থী। টিলার ফাঁকে ফাঁকে মানুষের জটলা, মানুষের দলবেঁধে চলা একটা উৎসবের মেজাজ তৈরি করেছে।
গত বুধবার দুপুরে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পূর্ব হাতলিয়া এলাকায় এ রকমই উৎসবের আভাস পাওয়া গেল। এখানে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মহিউদ্দিন আহমদ আদনান। দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সিরাজ উদ্দিন (৭৫) অভিযোগ করলেন, তৃণমূলে প্রার্থী নির্বাচনের সময় প্রার্থীদের কেউ কাউন্সিলরদের টাকা দিয়ে ভোট কিনেছেন। ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক গোলাম রব্বানী বলেন, ‘আওয়ামী লীগকে বাঁচাতে আমরা তাঁর (মহিউদ্দিন আহমদ আদনান) সঙ্গে আছি।’
‘বিদ্রোহী’ প্রার্থী মহিউদ্দিন আহমদ আদনান বলেন, ‘দলের সবাই আমার সঙ্গে আছেন।’
দুপুরে কালাজুরা বাজারের একটি চা-স্টলে বসে কথা হয় অনেকের সঙ্গে। পূর্ব হাতলিয়া গ্রামের আবদুল আউয়াল বলেন, ‘দলীয় প্রতীক থাকলেও ব্যক্তি দেখে ভোট দেব। এখানে সুষ্ঠু ভোট হবে।’ একই গ্রামের আবদুল মালিক বললেন, ‘ভোট নিয়ে কোনো ভয়ডর নেই। ভোটে কোনো সমস্যা হবে না।’ দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ইমদাদুর রহমান বলেন, দলীয় নির্বাচন হলেই কালাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতা হয়। এবারও সেই আশঙ্কা আছে।
এরপর এই এলাকার ঠিক উল্টোদিক পশ্চিম হাতলিয়া এলাকায় প্রচারণায় পাওয়া গেল বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী ইকবাল আহমদকে। ইকবাল আহমদ বলেন, সরাসরি তেমন কোনো সমস্যা হচ্ছে না। উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে কিছু নির্দিষ্ট এলাকায় ক্ষমতাসীন দলের লোকজন হুমকি দিচ্ছে। তাঁরও ক্ষোভ আছে দলের প্রতি। তিনি কাউন্সিলরদের সর্বোচ্চ ভোট পেয়ে তৃণমূলে নির্বাচিত হন। কিন্তু কেন্দ্র থেকে তাঁর মনোনয়ন পাল্টে দেওয়া হয়েছে।
সুজানগর ইউপি কার্যালয়ে পাওয়া গেল সুজানগর ইউনিয়নে বিএনপির প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নছিব আলীকে। নছিব আলী বলেন, ‘ভোটকেন্দ্রে ভোটারদের না যেতে হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে ভোট দিলেও পাস, না দিলেও পাস (ক্ষমতাসীন দলের প্রার্থী)। এসব কথায় জনসাধারণ আতঙ্কে।’ এই প্রার্থী বলেন, ‘আমার এখন একটাই চিন্তা, সুষ্ঠু ভোট গ্রহণ ও গণনা। এটা হলেই আমি বিপুল ভোটে পাস করব।’
তবে সুজানগর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ইমরুল ইসলাম (লাল) বলেন, ‘এসব প্রচারণা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমার জনপ্রিয়তা দেখে অপপ্রচার চালানো হচ্ছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে।’
উপজেলা সদরে দেখা হলে দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে জামায়াত-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী জবরুল ইসলাম সাংবাদিকদের কাছে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এ রকম প্রচারণার কথা আমরাও শুনেছি। তবে এগুলো গুজব। কেন্দ্রে আগের চেয়ে তিন-চার গুণ বেশি পুলিশ থাকবে, আনসার থাকবে। প্রশাসন নিরপেক্ষ ও শক্ত অবস্থানে থাকবে। সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’ ইউএনও বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় এ পর্যন্ত ১৫ প্রার্থীকে জরিমানা করা হয়েছে। ৩১ মার্চ উপজেলার ১০ ইউনিয়নের ৯১টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।