
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে গতকাল বুধবার সারা দেশে উৎসবমুখর পরিবেশ থাকলেও আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ছিল চোখে পড়ার মতো। তবে ঢাকা নগরে আচরণবিধি লঙ্ঘনের বড় ঘটনা ঘটেনি। মুন্সিগঞ্জে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সংঘর্ষ হয়েছে।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সময় কোনো ধরনের শোডাউন বা মিছিল করা যাবে না। এ সময় পাঁচ থেকে সাতজনের বেশি সঙ্গে নেওয়া যাবে না বলেও নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল। কিন্তু আচরণবিধি লঙ্ঘন হলেও এ ক্ষেত্রে নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তারা কোনো ব্যবস্থা নেননি।
অসুস্থ জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রী, নেতা, সাংসদ, কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেক গুরুত্বপূর্ণ প্রার্থী নিজে বা তাঁদের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আগের দিন মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ গতকাল রাতে সংবাদ ব্রিফিংয়ে বলেন, সারা দেশে ৩ হাজার ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রংপুর অঞ্চলে মনোনয়নপত্র জমা পড়েছে ৩৬১টি। ঢাকা অঞ্চলে ৭০৮, রাজশাহী ৩৫৩, খুলনা ৩৫১, বরিশাল ১৮২, ময়মনসিংহ ২৩৬, সিলেট ১৭৭ এবং চট্টগ্রামে ৬৮৮টি মনোনয়নপত্র জমা হয়।
১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছিল—৩ হাজার ৮৫৫টি। সপ্তম সংসদ নির্বাচনে ৩ হাজার ৯৩, অষ্টম সংসদে ২ হাজার ৫৬৩, নবম সংসদে ২ হাজার ৪৬০ এবং দশম সংসদ নির্বাচনে ১ হাজার ১০৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
আচরণবিধি লঙ্ঘন
গতকাল রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, ভোলা, মৌলভীবাজার, পাবনাসহ দেশের বিভিন্ন এলাকায় আচরণবিধি লঙ্ঘন করে মনোনয়নপত্র জমা দেওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, এ বিষয়গুলো নির্বাচন কমিশন আমলে নিচ্ছে না বলে মনে হচ্ছে। প্রথম থেকেই যদি এসব বিষয়ে গুরুত্ব না দেওয়া হয়, তাহলে পরে এসব বিষয় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। কাজেই এখন থেকেই এসব বিষয়ে গুরুত্ব দিতে হবে।
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের আওয়ামী লীগের প্রার্থী শাহরিয়ার আলম বাঘা ও চারঘাটে ইউএনও কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু তাঁর সমর্থনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা মোটরসাইকেল ও রিকশাভ্যানযোগে উপজেলা সদরে আসেন। অবশ্য উপজেলা চত্বরের ভেতরে প্রবেশের সময় কয়েকজন নেতাকে নিয়ে মনোনয়নপত্র জমা দেন শাহরিয়ার।
রাজশাহীর পুঠিয়া উপজেলা সদরে সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা অবস্থান করছিলেন। দুপুরে আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপজেলা পরিষদ থেকে ঢাকা-রাজশাহী মহাসড়ক হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নেন। সেখানে আওয়ামী লীগের প্রার্থী চিকিৎসক মনসুর রহমান এলে নেতা-কর্মীরা মিছিল নিয়ে স্লোগান দিতে থাকেন। প্রার্থী তাঁদের সঙ্গে নিয়ে ইউএনওর কাছে মনোনয়নপত্র জমা দেন। এর আগে সকাল থেকেই বিএনপির নেতা-কর্মীরা ঢাকা রাজশাহী মহাসড়কে মিছিল করে উপজেলা পরিষদের প্রধান ফটকে অবস্থান করেন। তাঁরা বিএনপির দলীয় মনোনীত প্রার্থী নাদিম মোস্তফার জন্য অপেক্ষা করেন। নাদিম মোস্তফা বিকেল চারটায় পুঠিয়ায় এলে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে স্লোগানসহকারে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যও দেন।
গোদাগাড়ী উপজেলায় বিপুলসংখ্যক নেতা-কর্মী সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী। একইভাবে নিষেধাজ্ঞা ভেঙে মনোনয়নপত্র জমা দিয়েছেন রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু। তিনিও কয়েক শ নেতা-কর্মী সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। রাজশাহী-৩ আসনের সরকারদলীয় প্রার্থী আয়েন উদ্দিনও শোভাযাত্রা নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী জেলা প্রশাসক এস এম আবদুল কাদের বলেছেন, তাঁর কার্যালয়ের সীমানার ভেতরে পাঁচজনের বেশি নেতা-কর্মী নিয়ে কোনো প্রার্থী প্রবেশ করেননি। বাইরে কী হয়েছে, তা তাঁরা জানেন না। কেউ অভিযোগও করেনি।
মনোনয়নপত্র দাখিলের পরেই আচরণবিধি লঙ্ঘন করে উপহার প্রদান, ত্রাণ, খাবার বিতরণ ও গাড়িবহর নিয়ে শোভাযাত্রা করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থীরা। দুপুরে বিএনপির দলীয় প্রার্থী আবু হেনা বাগমারায় পৌঁছান। এর আগে তিনি রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র দাখিল করেন। তিনি এলাকায় পৌঁছালে দলীয় নেতা-কর্মীরা প্রায় ২ হাজার মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাসহকারে তাঁকে উপজেলার মচমইল থেকে ভবানীগঞ্জে নিয়ে আসেন। পরে তিনি উপজেলা সদর ভবানীগঞ্জের আলুহাটায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন। এরপর তাঁর পক্ষে সভায় উপস্থিত প্রায় ৯ হাজার নেতা-কর্মী–সমর্থকদের মধ্যে একটি করে খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
গাড়ির বহর ও নেতা-কর্মীদের নিয়ে শোডাউন করে মনোনয়নপত্র দাখিল করেন নারায়ণগঞ্জের সাংসদ এ কে এম শামীম ওসমান। আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটে পাবনাতেও।
সিলেটে মনোনয়নপত্র জমার শেষ দিনে অধিকাংশ প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছেন। যদিও সেখানকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম দাবি করেছেন, আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেনি।
মৌলভীবাজার-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুস শহীদ মোটরসাইকেল, গাড়ি ও মাইক্রোবাসের শোভাযাত্রা নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন।
চট্টগ্রামে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের পাঁচ প্রার্থী দুপুর সাড়ে ১২টার দিকে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে পৌঁছান। এ সময় প্রায় দুই শ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তবে রিটার্নিং কর্মকর্তা বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নানের কার্যালয়ে ওঠার সময় পাঁচ প্রার্থীর সঙ্গে ৩৫ জনের বেশি পুলিশ উঠতে দেয়নি। আচরণবিধি লঙ্ঘনের এ ধরনের ঘটনার খবর আরও পাওয়া গেছে।
নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ২ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় ৯ ডিসেম্বর। আর ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর। প্রত্যাহারের পর প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হলে নির্বাচনী প্রচারণা শুরু হবে।
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী দুপুর ১২টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনওর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় কার্যালয় চত্বর, রাস্তা ও কার্যালয়ের বারান্দায় হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে সকাল সাড়ে ১০টা থেকে উপজেলা পরিষদের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জমায়েত হতে থাকেন। একপর্যায়ে চলাচলের সড়কটিও লোকে লোকারণ্য হয়ে পড়ে।

ঢাকা নগরে দুই শতাধিক মনোনয়নপত্র
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা মহানগরীর ১৫টি সংসদীয় আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, গণফোরামসহ বিভিন্ন দলের ২১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এখানে গতকাল আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন (ঢাকা-১৮), ফজলে নূর তাপস (ঢাকা-১০), সাদেক খান (ঢাকা-১৩), ইলিয়াস মোল্লাহ (ঢাকা-১৬), আসলামুল হক (ঢাকা–১৪), হাবিবুর রহমান মোল্লা (ঢাকা-৫), কাজী মনিরুল ইসলাম (ঢাকা-৫), হাজী সেলিম (ঢাকা-৭), এ কে এম রহমত উল্লাহ (ঢাকা-১১) এবং ঢাকা-১৭ আসনে আকবর হোসেন পাঠান (নায়ক ফারুক) মনোনয়নপত্র জমা দেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের পক্ষে ঢাকা–১৭ আসনে মনোনয়নপত্র জমা দেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য এস এম ফয়সাল চিশতী। জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা (ঢাকা-৪), কাজী ফিরোজ রশীদ (ঢাকা-৬) মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিএনপির প্রার্থীদের মধ্যে ঢাকা-১৭ আসনে মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, ঢাকা-১৩ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন ঢাকা-১৫ আসনে, ঢাকা-১১ আসনে মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুমের স্ত্রী শামীম আরা বেগম, ঢাকা-১৪ আসনে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি ঢাকা-১২ আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন। বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী হিসেবে ঢাকা-৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাসদ নেতা খালেকুজ্জামান লিপন।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বিকেল পাঁচটায়। প্রায় শেষ সময়ে ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং ঢাকা-৯ আসনে তাঁর স্ত্রী আফরোজা আব্বাসের প্রতিনিধিরা তাঁদের হয়ে মনোনয়নপত্র জমা দেন। এরপর ৫টা ৪০ মিনিটে ঢাকা-৯ আসনেও মির্জা আব্বাসের জন্য মনোনয়নপত্র জমা দিতে চান তাঁর প্রতিনিধিরা। তখন নির্বাচন কর্মকর্তারা বলেন, সময় পেরিয়ে গেছে, আর জমা নেওয়া হবে না। এ নিয়ে বেশ কিছুক্ষণ বাগ্বিতণ্ডা হয়। কিন্তু কর্মকর্তারা মনোনয়নপত্র জমা নেননি।
জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন মনোনয়নপত্র জমা দেননি। গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু সাংবাদিকদের বলেন, শারীরিক অসুস্থতার কারণে কামাল হোসেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।
ধানের শীষ নিয়ে ২৫ আসনে লড়বে জামায়াত
ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। পরে তিনি সাংবাদিকদের বলেন, তাঁরা ২০ দলের পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন। জোটের হয়ে জামায়াতের পক্ষ থেকে ২৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাঁরা।
গুরুত্বপূর্ণ প্রার্থীদের মনোনয়নপত্র জমা
কিশোরগঞ্জ-১ আসনে (সদর-হোসেনপুর) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁর ভাইবোনেরা। ভোলা-১ আসনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মনোনয়নপত্র জমা দেন। নীলফামারী-২ আসনে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ঠাকুরগাঁও-১ ও বগুড়া–৬ আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
{প্রতিবেদনে তথ্য দিয়ে সহায়তা করেছেন প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা}