উৎসাহ-উদ্দীপনায় ছাত্র পরিষদ নির্বাচন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে গতকাল শনিবার দ্বিতীয়বারের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছাত্র পরিষদ (স্টুডেন্ট কাউন্সিল) নির্বাচন হয়েছে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এতে অংশ নেয়। নির্বাচিত সাত প্রার্থী নিয়ে গঠন করা হবে পরিষদ। নির্বাচনে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ভোট গ্রহণ চলে।শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা, শিক্ষার্থী ঝরারোধ, ছাত্রছাত্রীর ভূমিকা সম্পর্কে অভিভাবক এবং অন্যদের অবহিত করাই এর উদ্দেশ্য। উপজেলা শিক্ষা প্রশাসন, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয় সভার মাধ্যমে নির্বাচনের আয়োজন করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: মৌলভীবাজার: মৌলভীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন হয়। এখানে প্রার্থী হয়েছে ১৮ জন। ভোটার ৩০০। সরেজমিনে দেখা যায়, বৃষ্টির মধ্যেও ভোটাররা বিদ্যালয়ের বারান্দায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। নির্বাচন কমিশনার পঞ্চম শ্রেণীর ছাত্র ওমর ফারুক জানায়, ‘কোনো সমস্যা নেই। সবাই সহযোগিতা করছে।’ ভোটার লাইনে দাঁড়ানো প্রার্থী মহব্বত মিয়া বলে, ‘সবাইকে বলেছি, ভালো মনে করলে ভোট দেবেন। আমি স্কুলের উন্নয়নে কাজ করতে চাই। ছাত্রছাত্রীর সেবা করতে চাই।’ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মমতাজ বেগম বলেন, ‘আমরা ক্লাসে ক্লাসে ওদের বুঝিয়েছি। এ প্রক্রিয়া ভবিষ্যতে গণতন্ত্র বিকাশে সাহায্য করবে।’এখানে পঞ্চম শ্রেণীর একা রানী রায়, তারেক মিয়া ও চাঁদ মিয়া, চতুর্থ শ্রেণীর সুমাইয়া আক্তার লাবণী ও তানজিনা আক্তার এবং তৃতীয় শ্রেণীর আহসান সাহলান লিটন ও বৃষ্টি খাতুন নির্বাচিত হয়।কমলগঞ্জ (মৌলভীবাজার): কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২৬ জন ভোট দেয়। ১২ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে সিয়াম শোকরানা, পারভেজ মিয়া, আইনুন নাহার, আবদুস সামাদ, জান্নাতিন হোসেন, চৌধুরী শাদাৎ বিন জামান ও শাকিল আহমেদ নির্বাচিত হয়। ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশনার পঞ্চম শ্রেণীর সুমাইয়া আলম।কালিয়াকৈর (গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনে ৩২২ জন শিক্ষার্থী ভোট দেয়। ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করে। এদের মধ্যে সাদিয়া আফরিন, মাহমুদা সুলতানা, মাসুম আল মেহেদী, ইরা জারিন, রিসাদ-ই রাব্বি, ইসরাত জাহান ও লালন ইসলাম নির্বাচিত হয়।শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন হয়। বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী ১৭ জন প্রার্থীকে ভোট দেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান জানান, নিজের হাতে প্রচারপত্র লিখে শিশু প্রার্থীরা নির্বাচনে অংশ নেয়। এ পরিষদের মেয়াদ হবে এক বছর। দেবীদ্বার (কুমিল্লা): দেবীদ্বার পৌর এলাকার ৩১ নম্বর আলমপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ হয়েছে। ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। ২৯৪ ভোটার ভোট দিলেও ৮৬টি ভোট বাতিল বলে গণ্য হয়। নির্বাচিত প্রার্থীরা হলো: সানজিদা আক্তার, রবিউল আলম, খাদিজা আক্তার, সাদেকুল ইসলাম, মো. মনির মিয়া, মো. রফিক ও তানজিনা আক্তার।